
শেষ আপডেট: 2 December 2023 23:12
দ্য ওয়াল ব্যুরো: জার্মানির ফুটবল-বৃত্ত সম্পূর্ণ।
চারবার বিশ্বকাপ জিতেছে তারা। তিনবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু তাদের ট্রফি ক্যাবিনেটে ছিল না অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপ।
এই ট্রফিটা এতদিন অধরাই ছিল জার্মানির কাছে। যদিও ১৯৮৫ সালে প্রথম আসরেই তারা ফাইনালে খেলে। চিনের মাটিতে সেবার ফাইনালে নাইজেরিয়ার কাছে ০-২ গোলে হার মানে জার্মান দল।
৩৮ বছর পরে ফের ফাইনালে উঠে সেই স্বপ্ন পূরণ করল জার্ড মুলার ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের উত্তরসূরীরা।
শনিবার ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে ফাইনালে জার্মানি টাইব্রেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।
দুর্দান্ত লড়াই হয়েছে অল ইউরোপ ফাইনাল ম্যাচে। ৫১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া ফ্রান্স ম্যাচে ফিরেছিল ৫৩ ও ৮৫ মিনিটে গোল করে। তারপর আর গোল না হওয়ায় ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারের প্রথম ৫ শটে তিনটি করে গোল করে উভয় দল। তারপর সাডেনডেথে খেতাব নিশ্চিত করে জার্মানি।