
বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ
শেষ আপডেট: 22 January 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো : তাসকিন আহমেদ। নামটা ক্রিকেটপ্রেমীদের কাছে একেবারে অপরিচিত নয়। বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার তিনি। তবে সম্প্রতি তাসকিন এমন একটি মন্তব্য করেছেন, যা শোনার পর থেকে টাইগার সমর্থকরা কার্যত আকাশ থেকে পড়েছেন। একটি কথার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যেতাম।' কোন প্রসঙ্গ? আসুন, সেই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক।
কয়েকদিন আগে আইপিএল খেলার সুযোগ এসেছিল তাসকিনের কাছে। শোনা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁকে নাকি ভারতে খেলতে আসার ছাড়পত্র দেওয়া হয়নি। আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তান সুপার লিগে ঠাঁই মিলল না বাংলাদেশের এই আগুন পেসারের।
সম্প্রতি এই ব্য়াপারেই বাংলাদেশের সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছিলেন যে পাকিস্তান সুপার লিগ খেলতে না পাওয়ার কারণে তিনি হতাশ কি না? জবাবে তাসকিন বললেন, 'একেবারেই আমি হতাশ নই। এরমধ্যে হতাশার কী রয়েছে? আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশের জন্য নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেওয়া। দেশের হয়ে যদি ভাল খেলতে পারি, তাহলে আগামীদিনে আরও অনেক সুযোগই আসবে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এর আগেও তো আইপিএল টুর্নামেন্টে আমি তিনবার সুযোগ পেয়েছিলাম। সেই সময়ও আমি হতাশ হইনি। আর হতাশ হয়ে পড়লে তো এতদিনে আমি গলায় দড়ি দিয়েই মরে যেতাম। আমি একেবারেই হতাশ নই। শুধু একটাই কথা মনে করি যে কপালে যেটা লেখা রয়েছে, সেটাই হবে। ঈশ্বরের আশীর্বাদ থাকলে আগামীদিনে আরও সুযোগ আসবে।'
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের ড্রাফটে হয়ত কোনও দল পাননি তাসকিন আহমেদ। কিন্তু, অন্য কোনও ক্রিকেটারের বদলি হিসেবে খেলার সুযোগ তাঁর সামনে রয়েছে। আগামীদিনে, এমন কোনও সুযোগের অপেক্ষায় বাংলাদেশের এই পেস বোলার রয়েছেন কি না, সেই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।