
শেষ আপডেট: 7 November 2023 22:22
দ্য ওয়াল ব্যুরো: ১২৮ বলে হার না মানা ২০১ রান। চলতি বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ও অলৌকিক ব্যাটিং মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা। একটা মৃতপ্রায় দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। শেষ চার নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান বড় রান করেছে। ৫০ ওভারে আফগানরা তুলেছেন ২৯১/৫। জবাবে অজিদের পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল স্বপ্নের ইনিংস খেলে দলকে তিন উইকেটে মধুর জয় এনে দিয়েছেন।
২৯২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে অজিরা একটা সময় চাপে পড়ে গিয়েছিলেন। ৯১ রানে সাত উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। সেই জায়গা থেকে অত্যাশ্চর্য লড়াই করে ম্যাচ জিতিয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি শুধু দুরন্ত ইনিংস খেলেননি, বরং অধিনায়ক কামিন্সকে সঙ্গী করে দলের রানকে জয়ের তিরে পৌঁছে দিয়েছেন। ম্যাক্সওয়েল মেরেছেন ২১টি চার এবং ১০টি ম্যাচ জেতানো ছয়।
অজিদের প্রথম পাঁচ ব্যাটার বড় রান করতে পারেননি। নবম ওভারের শুরুতেই ডেভিড ওয়ার্নার এবং জস ইংলিসকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে ভাঙন ধরান আফগান বোলার নভীন-উল হক।
দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন আফগান এই পেসার। ২ বলে কোনও রানই করতে পারেননি হেড। এরপর অবশ্য মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার মিলে চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু ৪৩ রানের মাথায় সেই নভীন উল হকের বলে লেগ বিফোরের শিকার হন মিচেল মার্শ। ১১ বলে ২৪ রান করে আউট হন তিনি।