
ইডেনে আজ গ্যালারি মাতাবেন জুহি চাওলা।
শেষ আপডেট: 11 May 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে দলের শেষ ম্যাচে পা পড়ছে জুহি চাওলার। এবার ইডেনে কোনও ম্যাচেই তিনি আসেননি। শাহরুখ থাকলে দল কেন খারাপ খেলছে, এই নিয়ে জুহিকে বিরক্ত (!) করেন, সেই জন্যই কিং খানের বান্ধবী একসঙ্গে খেলা দেখেন না। তাই শাহরুখ থাকবেন না জেনে জুহি আসছেন ইডেনে।
কেকেআর সমর্থকদের ধারণা হল, শাহরুখ মাঠে থাকলে তাঁদের প্রিয় দল হারে না। তিনি হলেন দলের পক্ষে লাকি চার্ম। যদিও রাজস্থান ম্যাচে কিং খান থাকলেও নাইটরা হেরেছেন।
মুম্বইয়ের বিরুদ্ধে আরব সাগরের তীরে ওয়াংখেড়েও ছিলেন না শাহরুখ। বিশ্বস্তমহল মনে করছে, মুম্বই যেহেতু তাঁর কর্মভূমি, সেই কারণে তিনি তাদের বিরুদ্ধে খেলা পড়লে শাহরুখ ইচ্ছে করেই সেই ম্যাচ থেকে দূরে থাকেন। কলকাতার প্রতি সমর্থনকে মুম্বইবাসী ভাল চোখে নাও দেখতে পারে, এমনই আশঙ্কা করেন বাদশা। তাই শনিবার আর কিছুক্ষণের মধ্যে ম্যাচে গ্যালারিতে শাহরুখ না থাকলেও ডর সিনেমার তাঁর বান্ধবী কিরণ (পড়ুন জুহি) থাকছেন। তিনি শুক্রবার রাতেই শহরে এসে গিয়েছেন।
শনিবার এমনিতেই কলকাতায় ম্যাচ চলার সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে। খেলা ভেস্তে গেলে কেকেআরের পক্ষে ভাল হবে। নেট রান ভাল থাকায় তারা প্লে অফে চলে যাবে। বাড়তি আকর্ষণ জুহি, যিনি তাঁর মনমোহিনী হাসিতে দর্শকদের আনন্দ দেবেন।
এই ম্যাচেও ইডেনে টিকিট শেষ হয়ে গিয়েছে। তারমধ্যে টিকিটের দেদার কালোবাজারীও হয়েছে। পাঁচশর টিকিট বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। পুলিশও সতর্ক রয়েছে মাঠে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে।