দ্য ওয়াল ব্যুরো: সিডনিতে ইতিহাস তৈরি করেছে ভারত। আর এই ইতিহাসের পিছনে যে চারজনের ভূমিকা অন্যতম তাঁদের মধ্যে একজনের নাম হনুমা বিহারী। ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান পঞ্চম দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পরেও খেলেছেন চার ঘণ্টা। ১৬১ বলে ২৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। তাই সবাই এই ইনিংসের প্রশংসা করেছেন। কেউ জানিয়েছেন, সেঞ্চুরির থেকেও দামি হনুমার এই ইনিংস। কিন্তু হনুমার স্লো ব্যাটিং নিয়ে তাঁকে ট্রোল করেছেন বিজেপির গায়ক-মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই নিয়ে বাবুলকে কম কটাক্ষ শুনতে হয়নি। এবার জবাব দিলেন বিহারী নিজেই।
সোমবার নিজের প্রথম টুইটে বাবুল লেখেন, ‘‘১০৯ বল খেলে মাত্র ৭ রান! অপ্রিয় হলেও আসল কথা হল হনুমা বিহারী শুধু যে ভারতের জয়ের সম্ভাবনাকে নষ্ট করল তা নয়, ক্রিকেটেরও খুন করল। জিততে পারি, এই মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কিন্তু অপরাধ।’’
এরপরই পরের টুইটে বাবুল লেখেন, ‘‘হনুমা মারার বলে অন্তত বাউন্ডারি পাওয়ার মতো শট খেললে ভারত ঐতিহাসিক জয় পেতে পারত। পন্থ যে ক্রিকেটটা খেলল, সেটা হয়তো কেউই আশা করেনি। হনুমা সেট ব্যাটসম্যান ছিল, তাই আমার মনে হয় খারাপ বলগুলোতে ও বাউন্ডারি মারতেই পারত।” যদিও প্রথম টুইটেই আবার বিশেষ দ্রষ্টব্য হিসেবে বাবুল এও উল্লেখ করেন, “আমি ক্রিকেটের কিছুই বুঝি না।”
বুধবার বাবুলকে জবাব দেন হনুমা। এই টুইটের নীচে এসে হনুমা কিন্তু কোনও মন্তব্য করেননি। শুধুমাত্র বিজেপির গায়ক-মন্ত্রীর একটি ভুল শুধরে দিয়েছেন। বাবুল হনুমার নামের বানান লিখেছিলেন ‘Hanuma Bihari ’। হনুমা এসে সেটা ঠিক করে লেখেন ‘Hanuma Vihari’।
https://twitter.com/Hanumavihari/status/1349285961994182662
ভারতীয় ক্রিকেটারের এই জবাবের পরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ বলছেন, সেরা জবাব দিয়েছেন হনুমা। কেউ আবার বলছেন, যিনি একজনের নামের বানানই জানেন না, তিনি আবার এসেছেন তাঁর সমালোচনা করতে। অনেকের মন্তব্য, হনুমা যেমন খেলার মাঠে ঠান্ডা মাথায় নিজের কাজ করেছেন, তেমনই ঠান্ডা মাথায় বাবুলকে জবাব দিয়েছেন তিনি।
এর আগেও নিজের মন্তব্যে অবশ্য নেটিজেনদের কটাক্ষেরও মুখে পড়তে হয়েছে বাবুলকে। একজন লিখেছেন, “ক্রিকেট সম্পর্কে যখন কিছু জানেন না, তখন মন্তব্য করবেন না।” আবার অনেকে এও বলেছেন, ‘‘আপনি রাজনীতি ও সঙ্গীত নিয়েই থাকুন না, কেন শুধু ক্রিকেটে নাক গলাচ্ছেন? আপনি কী জানেন হনুমার চোট ছিল, তার পরেও এমন স্থিতধী ইনিংস খেলে তিনি ম্যাচটিকে ড্র করেছেন। আপনি জানেন না যখন, কথা বলবেন না।’’ কেউ আবার লিখেছেন, ‘‘এটা ক্রিকেট, গান নয়। গানে একবার ভুল করলে আবারও রেকর্ডিং করা যায়, এখানে একটা ভুল করলে আপনি প্যাভিলিয়নে ফিরে যাবেন, তাই আপনার এসব ক্ষেত্রে চুপ করে থাকাই ভাল।’’