দ্য ওয়াল ব্যুরো : তিনি যা মনে করেন, তাই বলে দেন। কে কী ভাবল, অত ভাবেন না। তিনি রয়েছেন ভারতীয় বোর্ডের শীর্ষ পদে, অথচ সভাপতি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের একেবারে বিপরীত অবস্থান নিলেন।
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকতে পারবে না। তাদের মনে হয়েছিল, আইপিএলের মঞ্চ থেকেই মোট ৩২ জনের দল পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে আর দেশে আর কোনও ক্রিকেটার ফেরত আসবেন না। এমনকি অনুমতি দেওয়া হবে ক্রিকেটারদের স্ত্রী কিংবা বান্ধবীদের।
গত সোমবারই দেশের নির্বাচকরা টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টির দল নির্বাচন করে ফেলেছেন। ওই তিন দলের বহু ক্রিকেটার আইপিএলে খেলছেন। তাঁরা আর দেশে ফেরত আসবেন না। সরাসরি চলে যাবেন অস্ট্রেলিয়ায়। কারণ ডন ব্র্যাডম্যানের দেশে সকল ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই হিসেবেই দেশে ফিরলে পুরো ব্যবস্থাপনায় সমস্যা হবে।
ভারতীয় বোর্ডের অধিকাংশ কর্তারা চেয়েছিলেন যেহেতু ৩২ জনের বড় দল একইসঙ্গে যাবে। সেই কারণে বোর্ডের আনুষঙ্গিক অনেক খরচের বিষয় রয়েছে। তার মধ্যে ক্রিকেটারদের পরিবার গেলেও বোর্ডকে সেই খরচ বহন করতে হবে।
পাশাপাশি রয়েছে কোভিড নিয়মকানুন নিয়মের পালা। কারণ অস্ট্রেলিয়াতেও পুরো দলকে থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। সেটিও পরিবারকে অনুমতি না দেওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকলে অসুবিধেটা কী? বরং ক্রিকেটাররাও চাপমুক্ত হয়ে মাঠে পারফরম্যান্স করতে পারবে।’’
সৌরভ আরও জানিয়েছেন, ‘‘আইপিএলে এমনিতেই তো ক্রিকেটাররা ৮০ দিন জৈব বলয়ের মধ্যে রয়েছে। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে কোনও অসুবিধেই হবে না। আমার মত জানতে চাইলে আমি ক্রিকেটারদের পরিবার নিয়ে থাকার বিষয়ে বলে দেব।’’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির কথায়, ‘‘আমি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব তারা যাতে কোভিড নিয়ে বাড়তি সতর্কতা দেখায়। কারণ সিডনি থেকে সফর শুরু হবে, বাকি পরিস্থিতি আমরা দেখে নেব।’’
তার মধ্যেই মেলবোর্ন টেস্টে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। সেটি নিয়ে একটা ভাবনা চলছে সেই রাজ্যের প্রশাসনের। কিন্তু এখনও ক্রিকেট অস্ট্রেলিয়া এই ব্যাপারে কোনও বিবৃতি দেননি। মেলবোর্নে এক মাস লকডাউন ছিল এর মধ্যেই। তাদের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও বিসিসিআই-কে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। ভারতীয় বোর্ডও সেই নিয়ে আগাম কিছু বলেনি।