
শেষ আপডেট: 10 October 2023 10:24
দ্য ওয়াল ব্যুরো: শুভমন গিলকে নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। তিনি যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন সে খবর আগেই মিলেছিল। সূত্রের খবর, শুভমনের প্লেটলেট হুহু করে কমছে। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই খবর মিলেছিল অসুস্থ ভারতীয় ওপেনার। ডেঙ্গি পরীক্ষা করা হলে, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচও খেলতে পারবেন না শুভমন। দলের সঙ্গে দিল্লি যাননি তিনি।
ভারতীয় ক্রিকেট দল দিল্লি গেলেও শুভমন ছিলেন চেন্নাইতেই। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে। সূত্রের খবর, সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গিলকে। তাঁর প্লেটলেট নামছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের রিজওয়ান খানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শুভমনের।
চেন্নাইয়ে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে। শুভমন দলের সঙ্গে গেলেও মাঠে নামতে পারেননি। পরিবর্ত হিসেবে ঈশান কিশানকে খেলানো হয়। সোমবার রোহিত শর্মারা উড়ে যান দিল্লিতে। সূত্রের খবর, শুভমনের প্লেটলেট কমে যাওয়ায় তাঁকে বিমানযাত্রা করতে নিষেধ করেন চিকিৎসকরা তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে শুভমন সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিক। তবে শুভমনের শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে না যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারবেন। ভারতীয় ক্রিকেট ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।