দ্য ওয়াল ব্যুরো: মণিকা বারতার পর অলিম্পিকের মঞ্চে নজির গড়লেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়। অলিম্পিকের প্রথম ম্যাচে জিতলেন কোনও ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড়। সুইডিশ তারকা লিন্ডা বার্জস্ট্রমকে হারালেন নৈহাটির তরুণী।
খেলার ফলাফল ১১-৫, ৯-১১, ১৩-১১, ১১-৯, ৩-১১, ৯-১১ এবং ৫-১১।
প্রথম সেটে সুইডিশ তারকার কাছে কার্যত আত্মসমর্পণ করে বসেন সুতীর্থা। ১১-৫ ব্যবধানে হারেন সেটটি। দেখে মনে হচ্ছিল স্নায়ুর জোর রাখতে পারছেন না তিনি। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান।
দ্বিতীয় সেটের শুরু থেকেই একের পর এক ফোর হ্যান্ডে নাস্তানাবুদ করে দেন মৌমা, পৌলমীদের উত্তরসূরী। শেষ পর্যন্ত সুতীর্থা যখন ১১ পয়েন্টে তখন লিন্ডা বার্জস্ট্রম ৯।
তৃতীয় সেটে চূড়ান্ত টক্কর চলে। ১১-১১ হয়ে যাওয়ার পর ১৩-১১ ব্যবধানে সেট হারেন বাংলার মেয়ে। চতুর্থ সেট ফের হারতে হয় সুতীর্থাকে। ব্যবধান ১১-৯।
সেই সময়ে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। বিশ্ব তালিকায় সুতীর্থার থেকে অনেকটা উপরে লিন্ডা বার্জস্ট্রম। কিন্তু সমস্ত ধারণায় জল ঢেলে ফের জ্বলে ওঠেন সুতীর্থা। পঞ্চম সেটে সুতীর্থার সামনে অসহায় আত্মসমর্পণ করেন সুইডিশ তারকা। ৩-১১ ব্যবধানে জেতেন তিনি। এরপর ষষ্ঠ ও সপ্তম সেটেও দুরন্ত জয় পান বাংলার মেয়ে। ব্যবধান ৯-১১, ৫-১১। পঞ্চম সেটে সাত নম্বর পয়েন্টে নিতে গিয়ে সুতীর্থা একটি ব্যাক হ্যান্ড চপ করেন। যার স্পিন বুঝতে গিয়ে হিমশিম খেতে হয় সুইডেনের তারকাকে। ফলে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সুতীর্থা।