দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ ছিল ক্রিকেট। কয়েক দিন আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে তা ফের শুরু হয়েছে। এবার শুরু হতে চলেছে সুপার লিগ। ২০২৩ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য চলবে এই লিগ। এখান থেকে সেরা আট দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৩ সালে ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপের জন্য।
আইসিসি জানিয়েছে, তাদের ১২ স্থায়ী সদস্য ও আয়ারল্যান্ড, এই ১৩ দেশ যোগ দেবে এই টুর্নামেন্টে। প্রতিটি দেশ চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ তিন ম্যাচের হবে। তার মধে আগামী বৃহস্পতিবার সাউদাম্পটনে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আয়ারল্যান্ড। এই ম্যাচ দিয়েই এই সিরিজ শুরু হবে। এই সিরিজের শেষে প্রথম আটটি দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। বাকি ৫টি দেশ আইসিসির অন্য পাঁচটি অ্যাসোসিয়েট দেশের সঙ্গে কোয়ালিফায়িং সিরিজ খেলবে। সেখান থেকে দুটি দেশ যোগ দেবে এই আট দেশের সঙ্গে।
অনেক আগেই এই সুপার সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার আবহে তা শুরু হতে দেরি হয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপ একটু পিছিয়ে যাওয়ায় সেই সুযোগ পেয়েছে আইসিসি। কাউন্সিলের জেনারেল ম্যানেজার গিওফ অ্যালারডিস জানিয়েছেন, “গত সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে ২০২৩ বিশ্বকাপ কিছুটা পিছিয়ে গিয়েছে। তার ফলে আমরা টুর্নামেন্ট শেষ করার সময় পেয়েছি। সব দেশকে আমরা জানিয়েছি তাদের সুবিধা অনুযায়ী সূচি বলার জন্য। এই সিরিজের সূচি তৈরি হচ্ছে। সবরকমের সতর্কতা অবলম্বন করেও যাতে এই টুর্নামেন্ট করা যায় সেই চেষ্টা চালাচ্ছি আমরা।”
আগামী সপ্তাহের খেলা নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ইওন মরগ্যান জানিয়েছেন, “আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। গত বার আমরা যখন ঘরের মাঠে খেলেছিলাম, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক তফাত আছে। সেইদিকেই আমরা মুখিয়ে আছি।” অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি জানিয়েছেন, “বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলা সত্যিই খুব কঠিন। কিন্তু আমরাও ভাল করে প্রস্তুতি নিয়েছি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল মাঠে নামা। আশা করছি এই সময় ঠিক হয়ে যাবে।”
২০১৯ সালের বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়েছিল। অর্থাৎ সেখানে প্রতিটি দেশ প্রতিটি দেশের সঙ্গে খেলেছিল। ২০২৩ সালেও একই ফরম্যাটে খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। আর তাই তার যোগ্যতা অর্জনের জন্য সুপার সিরিজ শুরু করতে চলেছে আইসিসি।