'শতরানের কীর্তি', সিডনির সেঞ্চুরিয়ান বোর্ডে নাম উঠলো পূজারা-পন্থের
দ্য ওয়াল ব্যুরো : সিডনির মাঠে প্রথম দু'দিন একের পর এক রেকর্ড ভেঙেছেন পূজারা ও পন্থ। সেই কীর্তির পুরস্কার এ দিন পেলেন দুই ব্যাটসম্যান। ড্রেসিং রুমের পাশে সিডনির প্রেস্টিজিয়াস সেঞ্চুরি বোর্ডে নাম উঠলো এই দুই ভারতীয়র।
প্রথম দিনেই নিজের সেঞ্চু
শেষ আপডেট: 5 January 2019 19:04
দ্য ওয়াল ব্যুরো : সিডনির মাঠে প্রথম দু'দিন একের পর এক রেকর্ড ভেঙেছেন পূজারা ও পন্থ। সেই কীর্তির পুরস্কার এ দিন পেলেন দুই ব্যাটসম্যান। ড্রেসিং রুমের পাশে সিডনির প্রেস্টিজিয়াস সেঞ্চুরি বোর্ডে নাম উঠলো এই দুই ভারতীয়র।
প্রথম দিনেই নিজের সেঞ্চুরি করেছিলেন ডিপেন্ডেবল পূজারা। কিন্তু তারপরেও নিজের উইকেট দিয়ে আসেননি সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। ডবল সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন। মাত্র সাত রান আগে ১৯৩ রানের মাথায় শেষ হয় পূজারার ম্যারাথন ইনিংস। আর এই সেঞ্চুরির সঙ্গে চলতি অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড, মেলবোর্নের পর তিন নম্বর সেঞ্চুরি হয়ে গেল তাঁর। সিরিজে ৫২১ রান করে এই মুহুর্তে ধরাছোঁয়ার বাইরে তিনি। সেইসঙ্গে দ্বিতীয় দিনে পূজারা অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক বল খেলার নিরিখেও তাঁর পূর্বসূরী রাহুল দ্রাবিড়কে টপকে যান। রাহুল ২০০৩-০৪ সিরিজে খেলেছিলেন ১২০৩ বল। চলতি সিরিজে ইতিমধ্যে পূজারা খেলেছেন ১২৫৮ বল।
পূজারার ইনিংস যদি রাজধানী এক্সপ্রেস হয়, ঋষভ পন্থের ইনিংস তাহলে বুলেট ট্রেন। হাফসেঞ্চুরি করা অবধি একটু সাবধানে খেলছিলেন। কিন্তু তারপরেই রুদ্রমূর্তি ধরলেন। একের পর এক বল গিয়ে পড়তে লাগলো বাউন্ডারির বাইরে। প্রায় ৮০ স্ট্রাইক রেটে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের এই বাঁ হাতি উইকেট কিপার। এখানেই থেমে থাকননি পন্থ। ১৫০ রানও পূর্ণ করেন। শেষ পর্যন্ত অপরাজিত ১৫৯ রান করে মাঠ ছাড়েন। আর এই রানের সঙ্গেই বেশ কয়েকটি রেকর্ডও হয় তাঁর। সিডনিতে তিনিই একমাত্র ভারতীয় উইকেট কিপার যাঁর সেঞ্চুরি আছে। সেইসঙ্গে উপমহাদেশের বাইরে এশীয় উইকেট কিপার হিসেবে সবথেকে বেশি রানের ইনিংস খেললেন পন্থ।
https://twitter.com/BCCI/status/1081456282677108736
এই দুই কীর্তির জন্যই এসসিজি'র সেঞ্চুরিয়ান বোর্ডে নাম উঠল পূজারা ও পন্থের। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে দুই ব্যাটসম্যান গিয়ে সেই বোর্ডে নিজেদের নামের পাশে সই করেন। সেই ঘটনার ভিডিও টুইট করা হয় বিসিসিআইয়ের তরফে। সই করার সময় দুজনের মুখের হাসিই বলে দিচ্ছিল এই মুহূর্তে নিজেদের ক্রিকেটিং কেরিয়ার কতটা এনজয় করছেন তাঁরা।