
শেষ আপডেট: 27 April 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নানা কাজ হচ্ছে। কিন্তু সেটিকে কাজে লাগানো হচ্ছে অসাধু উপায়ে। যে কারণে নানা বিতর্কও সৃষ্টি হচ্ছে।
আইপিএলের এক বেটিং চক্রের হদিশ পাওয়া গিয়েছে কলকাতা হেয়ার স্ট্রিট থানা এলাকায়। যেখানে একটা চক্র এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বেটিং করছিল আইপিএলে।
সম্প্রতি একটি অ্যাপ বাজারে এসেছে, যেখানে তরুণ প্রজন্ম ওই অ্যাপের মাধ্যমে আইপিএলে খেলাগুলিতে বেটিং করছে। ওই অ্যাপটি পরিচালিত হয় এআই দ্বারা। কলকাতা পুলিশ তদন্ত করে দেখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা দলের মোট কত রান উঠবে, কিংবা কে কী পারফরম্যান্স করবে, তার একটা আভাস পাচ্ছে।
ওই অ্যাপটিতে নির্দিষ্ঠ ক্রিকেটারের ব্যাটিং স্টান্স, তাঁদের টেকনিক ও সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাবে একটা আন্দাজ দিচ্ছে। সেখানেই কেল্লা ফতে। শুধু কলকাতা নয়, পাশাপাশি ভারতের নানা শহর থেকে আইপিএলের বেটিং চক্রের হদিশ পাওয়া গিয়েছে।
কলকাতা পুলিশের একটি বিভাগই রয়েছে যারা এই বেটিং চক্র নিয়ে নানা অভিযান চালায়। আইপিএলের সময় প্রকাশ্যেই বেটিং চলছে। ভারতে বেটিং আইনসিদ্ধ নয়। সবথেকে বড় কথা, দেশের তারকা ক্রিকেটাররাই উৎসাহিত করছে অনলাইন বেটিং অ্যাপগুলিতে খেলার বিষয়ে। এই নিয়ে অনেক বিতর্ক হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডই এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি, তারাও বরং আইপিএলকে খেলার চেয়ে ব্যবসায়িক মুনাফা হিসেবেই দেখে থাকে!