
শেষ আপডেট: 13 October 2023 21:47
দ্য ওয়াল ব্যুরো: মারদেকা কাপ ফুটবলে একটা ম্যাচ হেরেই বিদায় নিতে হল ভারতীয় দলকে। ম্যাচে ভারতের গোল বাতিলও করা হয়েছে অন্যায়ভাবে। মালয়েশিয়ার কাছে ২-৪ গোলে হেরে বিদায় নিতে হয়েছে সুনীল ছেত্রীদের। জাতীয় দলের হয়ে দুটি গোল করেছেন নাওরেম মহেশ ও সুনীল নিজেই।
এই টুর্নামেন্টে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি না থাকায় ছাংতের শট গোললাইন অতিক্রম করেছে কিনা সেটি বোঝা যায়নি। তবে রিপ্লেতে দেখা গিয়েছে বল মালয়েশিয়ার গোলে প্রবেশ করে গিয়েছিল। সেক্ষেত্রে দেখা যায়, ছাংতের শট বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বল গোলে চলে গিয়েছিল। রেফারি গোল চুরি না করলে ভারত ম্যাচে লড়াইয়ে ফিরতে পারত।
ওই গোলের আবেদন করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রীসহ দলের বাকি ফুটবলাররা। কোচ ইগর স্টিম্যাশও মাঠে নেমে প্রতিবাদ করেন। কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। ওই গোলটি দেওয়া হলে ভারত ম্যাচে সুবিধে পেত। ভারত সেইসময় পিছিয়ে ছিল ২-৩ গোলে।
ভারতের গোলটি বাতিল হতেই স্নায়ু পেয়ে যায় বিপক্ষ দল। তারা ঘরের মাঠে ফের গোল করে ব্যবধান করে ৪-২, ওটাই ফাইনাল স্কোর হয়ে গিয়েছে। তারপরেও ম্যাচে ভারতীয় দল অনেক সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে পারলে ম্যাচে সমতা ফিরতে পারত। কিন্তু বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো গোল মিস করেছেন সাহালরা।
প্যালেস্তাইন শেষমেশ মারদেকা কাপ থেকে নাম তুলে নেওয়ায় টুর্নামেন্ট হয় তিনদলের। সুনীলরা হারায় মালয়েশিয়া এবার ফাইনাল ম্যাচ খেলবে তাজাকিস্তানের বিরুদ্ধে। এক ম্যাচ খেলে জিতলেই ফাইনালে চলে যেতে পারতেন সন্দেশ-সুনীলরা। সেটি না হওয়ায় খালি হাতে দেশে ফিরতে হবে ফুটবলারদের।