
শেষ আপডেট: 3 January 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ডার্বি হয়নি, কলকাতা ডার্বিও স্থগিত হয়ে গিয়েছে। নতুন বছরের শুরুতেই কলকাতা ডার্বি হতে চলেছে। সুপার কাপের ডার্বি হবে ১৯ জানুয়ারি ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে।
কলিঙ্গ সুপার কাপে মোট ২৭টি ম্যাচ হবে। মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ লিগের খেলা। তারপর দুটি সেমিফাইনাল যথাক্রমে ২৪ জানুয়ারি ও ২৫ জানুয়ারি। ফাইনাল হবে ২৮ জানুয়ারি।
সুপার কাপে ৯ জানুয়ারি প্রথমদিনেই নামছে কলকাতার দুই প্রধান দল। সেদিন ইস্টবেঙ্গল দুপুর ২টা থেকে প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মোহনবাগান মাঠে নামবে আই লিগের একনম্বর দলের বিরুদ্ধে। মহামেডান জানিয়ে রেখেছে তারা এই লিগে খেলবে না, কিন্তু তারা যদি আই লিগে ভাল ফল করতে পারে, তা হলে তারাও সূচির আওতায় পড়ে যাবে।
গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ ও আই লিগের এক নম্বর দল। গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং আই লিগের দ্বিতীয় দল।
গ্রুপ সি-তে রয়েছে, মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগের তৃতীয় দল। গ্রুপ ডি-তে রয়েছে এফ সি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি ও আই লিগের চতুর্থ দল।