
শেষ আপডেট: 15 February 2024 21:51
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের দ্বিতীয় পর্বে টানা দুটি ম্যাচ হেরেছে ইমামি ইস্টবেঙ্গল। শনিবার হায়দরাবাদ এফসি-র বিপক্ষে নামবে লাল হলুদ দল। এদিন দলকে নিয়ে কঠোর প্রস্তুতি সারলেন কোচ কার্লোস কুয়াদ্রাত।
ইতিমধ্যেই কোচ জানিয়ে দিয়েছেন তাঁর দল প্লে অফের দৌড় থেকে দূরে সরে গিয়েছে। এবার অন্য লড়াই তাদের। কারণ বড় দলের কাছে টানা হার মানেই সমালোচনা ধেয়ে আসবে। দলের ফুটবলার থেকে কোচ সকলের ওপর চাপ বাড়বে।
কোচ কার্লোস জানিয়ে দিয়েছেন তাঁর কাছে হায়দরাবাদ ম্যাচে জয়ে ফেরার লড়াই। সেই হিসেবে এদিন বলেছেন, সুপার কাপ জয়ের পরে সমর্থকদের কাছেও প্রত্যাশা পূরণের বিষয় রয়েছে। তবে আমাদের টানা খেলতে হচ্ছে। সেই কারণেই চোট পেয়ে যাচ্ছে ফুটবলাররা। আশার কথা অবশ্য দলের অধিনায়ক গোলমেশিন ক্লেটন সিলভা ফিরছেন পরের ম্যাচেই।
দলের দুই বিদেশি জোস পারদো চোটের কারণে বাকি মরশুমে বাতিল হয়ে গিয়েছেন। অন্যজন আলেকজান্ডার পাটিচকে নেওয়া হলেও তিনি কবে মাঠে নামবেন ঠিক নেই। দলের আরও দুই নবাগত বিদেশি তারকা ভিক্টর ভাসকুয়েজ ও ফেলেসিও ব্রাউন গত দুটি ম্যাচে খেললেও ছন্দে নেই। সেই নিয়েও চিন্তায় রয়েছেন কোচ।
লাল হলুদ শিবিরে বড় চিন্তা দলের মাঝমাঠে নাওরেম মহেশও আগের ছন্দে নেই। তিনি পুরো দলক খেলাচ্ছিলেন দক্ষতার সঙ্গে। কোচ অবশ্য মহেশ ও নন্দকুমারকে নিয়ে বেশি সময় ব্যয় করলেন অনুশীলনে। বরানগরের শৌভিক চক্রবর্তীকে নিয়েও ভরসা রয়েছে কোচের।
বিপক্ষ দল হায়দরাবাদের অবস্থা ভাল নয়। তাদের বিরুদ্ধে জিততে না পারলে আরও সমালোচনা হবে। জানেন কোচ, সেই কারণে অ্যাওয়ে ম্যাচে ফিরে আসার লড়াই কুয়াদ্রাতের।