
শেষ আপডেট: 14 May 2024 21:54
দ্য ওয়াল ব্যুরো: আবারও দুরন্ত ইনিংস খেললেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। এর আগের ম্যাচেও ভাল খেলেছিলেন চন্দননগরের ছেলেটি। চলতি আইপিএলে টানা ভাল খেলেছেন অভিষেক। তিনি সকলের নজর কেড়েছেন। লখনউ দলের বিরুদ্ধে দিল্লি প্রথমে ব্যাটিং করে তুলেছে ২০৮/৪।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচেও অভিষেক ওপেন করে তুলেছেন ৩৩ বলে ৫৮ রান, ইনিংসে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা। পাশাপাশি ত্রিস্তান স্টাবস করলেন ২৫ বলে ৫৭ রান, তিনি তিনটি চার এবং চারটি ছয় মারেন। স্টাবস শেষমেশ অপরাজিত থেকে গিয়েছেন।
দিল্লি দলের মিডলঅর্ডার ব্যাটারদের মধ্যে সাই হোপ (৩৮) ও ঋষভ পন্থ (৩৩) আউট হয়ে গেলেও শেষে এসে স্টাবস দারুণ ইনিংস খেলে দিয়েছেন।
এই ম্যাচে জিততেই হবে দিল্লিকে, আবার লখনউয়ের কাছেও গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ প্লে অফে যেতে গেলে দুটি দলের কাছে মরণবাঁচন ম্যাচ। তাই দিল্লির বোলারদের কাছেও সমান পরীক্ষার।
এই ম্যাচে অভিষেক সফল হলেও অন্য ওপেনার জ্যাক ফ্রেজার শূন্য রানে ফিরে গিয়েছেন। এটা ক্ষণিকের চাপ হয়ে গিয়েছিল। তবে ঋষভ থাকলে দলের রান আরও বড় হতো। তবে এই ম্যাচে লখনউ দলের অধিনায়ক কেএল রাহুলের সাই হোপের ক্যাচ দুরন্ত।