
গোলের পরে আলবানিয়ার জাসুলার উচ্ছ্বাস।
শেষ আপডেট: 19 June 2024 21:22
দ্য ওয়াল ব্যুরো: গত স্পেনের বিরুদ্ধে হেরে গিয়েছিল ক্রোয়েশিয়া। এবার ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে ২-২ ড্র করেছে আলবানিয়ার বিরুদ্ধে। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে লুকা মদ্রিচের দল সঙ্কটে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ইতালির বিরুদ্ধে জিততে না পারলে তাদের বিদায় নিতে হবে। অথচ গত দুটি বিশ্বকাপে ভাল খেলেছিল ক্রোটরা। চলতি ইউরো কাপে তাদের খেলায় সেই ঝলকই উধাও।
ম্যাচের শুরুতে কাজিম লাসির গোলে এগিয়ে গিয়েছিল আলবেনিয়া। তারপর ক্রোয়েশিয়া গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও গোলের খাতা খুলতে পারেনি। তারমধ্যে আলবানিয়া দেখিয়েছে তারা ইউরোপের ছোট দল হলেও লড়াইয়ের মশলা তাদের মধ্যেও রয়েছে।
প্রথমার্ধে আলবানিয়া ওই এক গোলেই এগিয়ে ছিল। মদ্রিচরা একের পর এক আক্রমণ শানালেও কাজের মতো কাজ করতে পারেননি। ম্যাচের ৭৪ মিনিটে আন্দ্রেজ ক্রামনিচের গোলে সমতা ফেরায় ক্রোটরা। তারপর আরও দুটি গোল এসেছে ম্যাচে।
ক্রোটদের গোলের দুই মিনিট বাদে ফের গোল পেয়ে যায় মদ্রিচরা। বিপক্ষ দলের তারকা ক্লস জাসুলার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আলবানিয়া। সবাই যখন ভাবছিলেন, এই ম্যাচে বুঝি ক্রোয়েশিয়া জিতে যাবে। সেইসময় ম্যাচের একেবারে ইনজুরি টাইমে ওই জাসুলাই গোল দিয়ে আলবানিয়ার হয়ে সমতা ফিরিয়েছেন।
ম্যাচের যিনি ভিলেন হয়েছিলেন, তিনিই হিরো বনে যান খেলা শেষে। আলবানিয়াকে পয়েন্ট এনে দিয়ে মুখরক্ষা করেছেন। দুটি দলই গত ম্যাচে হেরেছিল, তাই বুধবার কেউ কাউকে ছাড়তে চায়নি।