
শেষ আপডেট: 23 February 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের অভিষেক মনে হয় একেই বলে। জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট ম্যাচেই বাংলার পেসার আকাশদীপ সিং তিন উইকেট তুলে নিয়েছেন শুরুর স্পেলেই।
একটা সময় সিএবি ডর্মিটরিতে থাকতেন আকাশদীপ সিং। ময়দানের ইউনাইটেড ক্লাব থেকে উঠে এসেছেন এই তরুণ পেসার। সেইসময় ইউনাইটেডের কোচ ছিলেন সৌতম মিত্র। আকাশের প্রথম কোচও তিনি।
আকাশ রাঁচিতে ধোনির ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দলে এসেছেন। আকাশ সুযোগ পেলেন বাংলারই মুকেশ কুমারের বদলে। মুকেশের থেকে আকাশের বলের গতিবেগ অনেক বেশি। ময়দানের নামী কোচ বর্তমানে ইস্টবেঙ্গলের ক্রিকেট হেডস্যার আব্দুল মুনায়েম শুক্রবার সকালে বলছিলেন, ‘আকাশের বোলিং বৈচিত্র্য রয়েছে। পেস বেশি হওয়ায় অনেক দ্রুত পিচ করে, হার্ড লেংথে আকাশের ডেলিভারি খুবই সক্রিয়। লড়াই করে উঠে আসা এক বোলার।’
রাঁচিতে বোলিং করতে নেমেই আগুন ছোটাচ্ছেন আকাশ। মাত্র ছয় ওভার হাত ঘুরিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন আকাশ। যিনি বিহারে জন্ম নিলেও ক্রিকেটের জন্ম বাংলাতেই। একটা সময় তিনি থাকতেন ইডেনের ডর্মিটরিতে। এত কষ্ট করার অবশেষে পুরস্কার পেলেন ২৭ বছরের পেসার।
আকাশ একই ওভারে তুলে নিয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও অলি পোপকে। তাঁর বোলিংয়ে শুরুতেই তছনছ ব্রিটিশরা। ম্যাচের নয় ওভারের মাথায় আকাশই ব্রেক থ্রু দেন। তিনি ফেরান ডাকেটকে। মুকেশের বদলে যে আকাশকে প্রথম একাদশে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত, সেটি ভালই বোঝালেন অধিনায়ক রোহিত শর্মা। তবে কোচ রাহুল দ্রাবিড়ই নাকি আকাশকে নেওয়ার বিষয়ে বড় ভূমিকা নিয়েছেন।
এই ম্যাচে মহম্মদ সিরাজের সঙ্গে আকাশই দলের পেস বোলিং শুরু করেছেন। স্পিন বিভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।