
শেষ আপডেট: 26 April 2023 12:21
দ্য ওয়াল ব্যুরো: 'টেডি বিয়ার' শব্দটির সঙ্গে মোটামুটি সকলেই পরিচিত। শিশু হোক বা বড়রা, ভালুক (bear) আকৃতির এই সফট টয় পছন্দ করেন না, এমন বোধহয় কেউ নেই। তবে টেডি বিয়ার আপাতভাবে প্রাণহীন মজার খেলনা হলেও আসল ভালুক কিন্তু মোটেও তা নয়। বরং হিংস্র বন্যপ্রাণী হিসেবেই পরিচিতি রয়েছে তার। কিন্তু সেই ভালুকই মাঝে মাঝে এমন কাণ্ড ঘটিয়ে ফেলে যে তাদের ভাল না বেসে পারা যায় না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাড়ির পিছনে বাগানে রাখা ট্রাম্পোলিনের (Trampoline) লোভে গুটি গুটি হাজির হয়েছিল এক ভালুক পরিবার। তারপর ঠিক মানুষের মতোই সপরিবারে তার উপর উঠে চলছিল লাফালাফি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল (viral video) হতেই তাতে মজেছেন ইন্টারনেটবাসী।
মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের ফার্মিংটনের একটি বাড়ির পিছনের বাগানেই রাখা ছিল একটি ট্রাম্পোলিন। পাশের জঙ্গল থেকে সেখানেই হাজির হয়েছিল এক ভালুক পরিবারের ৫ সদস্য। তারপর সবাই মিলে সেই ট্রাম্পোলিনের চড়ে সে কী দুষ্টুমি! কেউ লাফাচ্ছে, তো কেউ শুয়ে গড়াগড়ি খাচ্ছে। কারও কোনও তাড়া নেই। ঠিক যেন পারিবারিক পিকনিকে এসেছে তারা।
ট্রাম্পোলিনটি যে পরিবারের, তাঁরা জানিয়েছেন, এটাই প্রথম বার নয়। তাঁদের বাড়ির পাশের জঙ্গলেই বাস ওই ভালুক পরিবারের। এর আগেও একাধিকবার তারা নাকি এরকম নানা মজার কাণ্ড ঘটিয়েছে। অলিভিয়া জার্মানো নামে একটি প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ভিডিওটি, যা দেখে অত্যন্ত মজা পেয়েছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, 'খুবই মজার। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। ওরা আমার বাড়ির পিছনের বাগানেও এরকম আসে মাঝে মাঝেই। তবে নড়াচড়া সামান্য আভাস পেলেই পালিয়ে যায়।'
'কী অসাধারণ! ওদের নিজেদের মতো থাকতে দিলে ওরা কারও কোনও ক্ষতি করে না,' দাবি অন্য একজনের।
তবে ভিডিওটি দেখে ভয় পেয়েছেন তৃতীয় একজন। 'বাপরে কী ভয়ানক! আমার বাবা মা আপনাদের বাড়ি থেকে খুব বেশি দূরে থাকেন না। আমার তো ওঁদের জন্য ভয় লাগছে,' লিখেছেন তিনি।
গাড়ির কাচ ভেঙে ৬৯ বোতল সোডা চুরি করে খেল ভালুক! অনাহুত ‘অতিথি’র কীর্তিতে স্তম্ভিত মহিলা