
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘোষণার পূর্বেই বিজেপি (BJP), আইএসএফ (ISF) এবং SUCI(C) এর প্রার্থীর নাম লিখে দিল উইকিপিডিয়া । দ্য ওয়াল ফাইল
শেষ আপডেট: 30 March 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বাংলায় ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী কারা হবেন সেই নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণার সময়ে থমকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা যায়, প্রায় উসেন বোল্টের মতো ছুটে এসে ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
তার পর প্রায় ১৯ দিন কেটে গেছে। এই আসনে এখনও প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি বিজেপি বা আইএসএফ। সিপিএম আগেই জানিয়ে দিয়েছে, তারা লোকসভা ভোটের এই আসনে প্রার্থী দেবে না। আইএসএফের জন্য ছেড়ে রেখেছে। কংগ্রেসও এই সীটে প্রার্থী দেয়নি।
অথচ উইকিপিডিয়া খুললে দেখা যাবে, ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য সেখানে তৃণমূল, বিজেপি, আইএসএফ এমনকি এসএউসি-র প্রার্থীর নাম লিখে দেওয়া হয়েছে।
উইকিপিডিয়ার তথ্য সবসময়ে বিশ্বাসযোগ্য হয় না। কারণ, সেখানে বাইরে থেকে কেউ তাঁর পরিচয় দিতে তথ্য দিতে পারে। সেটাই সেখানে গহীত হয়। দেখা যাচ্ছে, ৩০ মার্চ পেজটি আপডেট হয়েছে। কেউ হয়তো তখনই প্রার্থীদের ব্যাপারে তথ্য দিয়েছে। যা মোটেই সত্য নয়।
তবে এটা ঠিক যে ডায়মন্ড হারবারের প্রার্থী করার জন্য কৌস্তব বাগচির নাম বিজেপির বিবেচনায় রয়েছে। সেই সঙ্গে বিবেচনায় রয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নাম। আবার নওসাদ সিদ্দিকি জানিয়েছেন, তিনি এই আসন লড়তে একশ শতাংশ প্রস্তুত। দলের কাছে বলবেন, যাতে দু-তিনের মধ্যে নাম ঘোষণা করা হয়।