
Arjun Singh and Partha Bhowmik
শেষ আপডেট: 10 March 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: এ সপ্তাহের গোড়ায় নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। দ্য ওয়ালে সেদিনই লেখা হয়েছিল, ব্যারাকপুরে অর্জুনের ফের প্রার্থী হওয়ার ব্যাপারটা নিশ্চিত হলে তাঁর নবান্নে যাওয়ার প্রয়োজন হয়তো পড়ত না।
দেখা গেল হলও তাই। অর্জুন সিং খাতায়কলমে বিজেপির সাংসদ। তাঁকে তৃণমূলে আনার ব্যাপারে মূল উদ্যোগ ছিল দলের এক রাজ্যসভার সাংসদের। কিন্তু তাতে গোড়া থেকে আপত্তি করছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। শুধু একা বিদ্রোহ করা নয়, সূত্রের মতে পার্থ জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, বীজপুরের সুবোধ অধিকারী এবং আমডাঙার বিধায়ক রফিকুর রহমানকে নিয়ে দল পাকিয়েছিলেন। সোমনাথ শাম দুদিন আগে পর্যন্ত বলেছেন, অর্জুনকে যাতে ব্যারাকপুরে প্রার্থী করা না হয়, সেজন্য তিনি এলাকায় গণসাক্ষর সংগ্রহ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে স্মারকলিপি পাঠাবেন।
সূত্রের খবর, এই অবস্থায় সেদিন অর্জুনকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হাওড়া বা হুগলি থেকে প্রার্থী হয়ে যেতে। কিন্তু অর্জুন ব্যারাকপুর ছাড়তে রাজি হননি।
মজার ব্যাপার ঘটে যায় এর পরই। পার্থ ভৌমিক হলেন সেচ মন্ত্রী। অর্জুনের বিরুদ্ধে এলাকায় বিদ্রোহ দেখে মমতা-অভিষেক বল ঠেলে দেন পার্থরই দিকে। কিন্তু রাজ্যে মন্ত্রিপদ ছেড়ে কেই বা লোকসভার ভোটে লড়তে চায়? এক সময়ে মন্ত্রিত্ব ছেড়ে দক্ষিণ কলকাতা লোকসভা আসনে এভাবে লড়তে হয়েছিল সুব্রত বক্সীকে। তাঁর ঘনিষ্ঠরা জানেন, বক্সীবাবু ওই আসনে জিতলেও মন্ত্রিপদ চলে যাওয়ায় দুঃখী ছিলেন।
এখন দেখার অর্জুন সিং কী করেন? তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য বিকল্প কিছু ভেবে রেখেছেন কিনা!
উনিশের লোকসভা ভোটে প্রার্থী ঘোষণার ঠিক আগে কালীঘাটের বৈঠকে উপস্থিত ছিলেন অর্জুন। সেবারও তাঁকে মমতা টিকিট না দিয়ে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করায় দল ছেড়েছিলেন অর্জুন সিং! এবারও কি তাই করবেন তিনি? বিজেপিতে ফিরে যাবেন? অর্জুন কী করবেন তার দিকেই এখন তাকিয়ে রয়েছে ব্যারাকপুর তথা রাজ্য রাজনীতি।