
শত্রুঘ্ন সিনহা
শেষ আপডেট: 30 April 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: যশ চোপড়ার ‘কালা পাত্থর’ সিনেমার কথা মনে আছে? কোলিয়ারি এলাকার জীবনযাত্রা এই ছবির মাধ্যমেই সেলুলয়েডে ফুটিয়ে তুলেছিলেন প্রযোজক-পরিচালক চোপড়া। এখন আসানসোলের কোলিয়ারি এলাকাগুলিতে সেই ছবি দেখিয়েই প্রচার চালাচ্ছে তৃণমূলের আইটি সেল। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
এবার আসানসোল লোকসভার প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। তৃণমূলের আইটি সেল নেতা শিভম কোনার ও মাধব দাস সোমবার সন্ধেবেলায় জামুরিয়ার পরাসিয়া কোলিয়ারি, পরাসিয়া গ্রাম কালি মন্দির, বাঁশড়া কোলিয়ারি, বেলবাঁধ কোলিয়ারি এলাকায় এই ছবি দেখানোর ব্যবস্থা করেন।
ঝাড়খণ্ডের চাষনালা খনি দুর্ঘটনার প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবির সঙ্গে কোলিয়ারি এলাকার অনেকেই তাঁদের জীবনযাত্রার মিল খুঁজে পেয়েছেন। এই কোলিয়ারি এলাকাগুলি কেন্দ্র সরকারি সংস্থা ইসিএলের নিয়ন্ত্রণাধীন। কোলিয়ারি এলাকাগুলি ধসপ্রবণ। ধসের কবলে পড়ে বাড়ি জমি হারিয়েছেন অনেকেই। খনির খোলা মুখ থেকে বিষাক্ত গ্যাস বেরনোর ফলে পরিবেশ দূষণ বাড়ছে। ওই সব এলাকার মানুষের মধ্যে অনেকেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছেন। ইসিএলকে জানালেও এবিষয়ে কোনও পদক্ষেপ করেনি সংস্থা, এমন অভিযোগও রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "এর মাধ্যমে মানুষকে মনে করিয়ে দেওয়া যে শত্রুঘ্ন সিনহা কীভাবে কাজ করতেন। কী ধরনের সিনেমা করতেন। শুধু মানুষকে জানান দেওয়া। এটা কোনও প্রলোভন নয়। একটু কোলিয়ারি এলাকার মানুষদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা। এখানে কোনও নির্বাচন বিধিলঙ্ঘণ হয়নি।"
তবে বিজেপি অভিযোগ জানাতে ছাড়ছে না। জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "রিয়েল লাইফ ও সিনেমা লাইফ দুটির অনেক পার্থক্য আছে। টিভির পর্দায় নেতা হওয়া বা সিনেমার পর্দায় আসা একটা আর্ট। আর মানুষের ভোট পাওয়াটা একপ্রকার আশীর্বাদ পাওয়ার মতো। এটা একপ্রকার নির্বাচনবিধি উলঙ্ঘনও হচ্ছে। সিনেমা দেখিয়ে প্রলোভন দেখিয়ে মানুষকে নিয়ে আসছে। এইবার লোকসভায় ওঁকে হারের সম্মুখীন হতেই হবে।"