
সরকারি খাতায় মৃত ফলে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারল না।
শেষ আপডেট: 7 May 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন অশীতিপর চিত্তরঞ্জন কুন্ডু। কারণ, সরকারি খাতায় তিনি মৃত!
মঙ্গলবার তৃতীয় দফা ভোটে চিত্তরঞ্জনবাবুর মতোই বেশ কিছু ভোটার ভোট দিতে পারলেন না। ঘটনাস্থল, মালদহের ইংরেজবাজারের ২১ নম্বর ওয়ার্ড। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়।
পুরো ঘটনায় সরকারি কর্মাীদের গাফিলতি সামনে এসেছে। কীভাবে জীবিত মানুষকে মৃত দেখানো হল, সেই প্রশ্নও উঠেছে। যদিও এ ব্যাপারে কমিশনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
চিত্তরঞ্জনবাবু বলেন, "১৮ বছর বয়স হওয়ার পর থেকে প্রতিটি ভোট দিয়েছি। এবারে ভোট দিতে পারলাম না। তার থেকেও দুঃখের হচ্ছে, বেঁচে রয়েছি, তা সত্ত্বেও কীভাবে আমাকে মৃত দেখানো হল।"
চিত্তরঞ্জনবাবুর মতো নির্বাচনী তালিকায় মৃত দেখানো হয়েছে ৬৫ বছরের অনিমা পোদ্দারকেও। তরুণী বধু রাখী দাসকেও ভোটের লিস্টে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অনিমাদেবী বলেন, "জ্যান্ত মানুষকে সরকারি খাতায় মেরে ফেলা হল! যাঁদের ভুলে এমনটা হল, তাঁদের শাস্তি হবে না কেন?" রাখী বলেন, "ভোটার তালিকা তৈরির সময় সরকারি কর্মীদের আরও যত্নবান হওয়া উচিত ছিল।"