
অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 15 April 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের দিন বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বেহালা ফ্লাইং ক্লাবে রাখা তাঁর চপারে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দফতর। যদিও কিছুই মেলেনি। এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আয়কর দফতরের এক আধিকারিক। সূত্রের খবর, পাল্টা দাবি করে বলা হয়েছে এমন কোনও তল্লাশি অভিযান নাকি হয়নি!
তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, অভিষেকের চপারে তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর আধিকারিকরা। এমনকী চপার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। কিন্তু আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে।
গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আয়কর দফতরের বিরুদ্ধে সরব হয়েছে তাঁরা। শাসক শিবিরের দাবি, আয়কর দফতর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য কার্যত বিজেপির সুবিধার্থে কাজ করছে তাঁরা। নির্বাচন কমিশন যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে সেই আর্জি জানিয়েছে ঘাসফুল শিবির। একই সঙ্গে যে আয়কর আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালিয়েছিল তাঁদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ''এনআইএ ডিজি, এসপির বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি এখন আমার চপারে হানা দেওয়াচ্ছে আয়কর দফতর দিয়ে। জমিদাররা নিজেদের সব ক্ষমতা লাগিয়ে দিতে পারে, তবে বাংলার সহ্যশক্তিকে দমাতে পারবে না।''