
আইএসএফ
শেষ আপডেট: 13 April 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আসন সমঝোতা হয়নি বামেদের সঙ্গে। লোকসভা ভোটে একলাই লড়ছে আইএসএফ। এবার তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
দলের পক্ষ থেকে জঙ্গিপুর, তমলুক, বনগাঁ ও কৃষ্ণনগর এই চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হল। জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী হলেন শাহজাহান বিশ্বাস। তমলুকে মহিউদ্দিন আহমেদ। বনগাঁয় প্রার্থী করা হয়েছে দীপক মজুমদারকে। কৃষ্ণনগরে আইএসএফের প্রার্থী আফরোজা খাতুন।
এর আগে দুই পর্যায়ে ১৩ টি আসনে আইএসএফ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছিল। এখনও পর্যন্ত মোট ১৭ টি আসনে প্রার্থী দিল আইএসএফ। শনিবার ফুরফুরা শরিফে রাজ্যের আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক।
শ্রীরামপুর কেন্দ্রের জন্য আগেই সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। তারপরে আইএসএফ শ্রীরামপুর কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। এরপরেই জল্পনা বাড়তে থাকে রাজনৈতিক মহলে, তবে কি শ্রীরামপুরে বাম-আইএসএফ সমঝোতা ধাক্কা খেল! পরবর্তী পরিস্থিতিতে দেখা যায় শুধু শ্রীরামপুর নয়, গোটা রাজ্যেই ধাক্কা খায় বামেদের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা। আসন সমাঝতার প্রশ্নে নওসাদ বলেছিলেন, "বাম-কংগ্রেসের সঙ্গে আমরা জোট চেয়েছিলাম। কিন্তু বামেদের জন্য সেই জোট হল না।"
আইএসএফের এই দাবি অবশ্য নাকচ করে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছিলেন, "কী করে আমাদের ঘাড়ে দোষ চাপাতে পারে? ৪টের মিটিংয়ে আইএসএফের লোকজন এসেছেন পাঁচটার সময়। ১৫-২০ মিনিট দেরি হতে পারে, সেখানে ১ ঘণ্টা দেরি করে আসা। কথাটা এই কারণে বলছি, কারণ, আসন সমঝোতার প্রশ্নে ওদের আন্তরিকতা যে ছিল না,তা স্পষ্ট।" আসন সমঝোতা ধাক্কা খাওয়ায় একাই লড়ার সিদ্ধান্ত নেয় নওশাদের দল।