
শেষ আপডেট: 4 April 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে বিধায়ক অসিত মজুমদারের কু-বাক্যে তেতে উঠল চুঁচুড়া! ভিডিও ভাইরাল হতেই তুমুল উত্তেজনা। চুঁচুড়া থানার সামনে বিক্ষোভে সামিল হলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
সম্প্রতি ভাইরাল এই ভিডিওতে দেখা যায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হুগলির বিদায়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে অসাংবিধানিক শব্দ ব্যবহার করছেন। অসিতকে বলতে শোনা যায়, "আরে ভাই ওকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা নিতে বলুন না। বিজেপিতে আছে কেন? দু নম্বরী মাল, বিজেপির সাথেও আছে তৃণমূলের সঙ্গেও আছে।" যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
লকেট চট্টোপাধ্যায় সহ নারীদের অপমান করা হয়েছে অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার সকালেই। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। বিধায়কের কুশপুতুল পোড়ানো হয়। থানার গেট আটকে দাঁড়িয়ে যায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভোটের ময়দানে এমনই অভিযোগে সরব হয়েছিলেন অসিত মজুমদার। ব্যান্ডেল এলাকার কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালার মা ও ভাইয়ের সঙ্গে লকেটের ছবি দেখিয়ে অভিযোগ তুলেছিলেন অসিত। বুধবার লকেট চট্টোপাধ্যায় পাল্টা অসিত মজুমদারের দুষ্কৃতী যোগ নিয়ে সরব হন। তিনিও ছবি দেখিয়ে অভিযোগ করেন তোলাবাজি ও খুনে অভিযুক্তরা তৃণমূলের সম্পদ। এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছিলই। ভাইরাল ভিডিও তাতে নতুন মাত্রা যোগ করল।