শেষ আপডেট: 21 November 2020 07:17
আগামী ২৩ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকাতে বেড়াতে যাওয়ার জন্য আর ব্যবসায়িক কাজের জন্যও ভিসার আবেদন করা যাবে বলে জানা গেছে। ভিএফএস গ্লোবাল অফিস থেকে নিতে হবে ভিসা। দক্ষিণ আফ্রিকার কনসুলেট জেনারেল জানান যে কিছু নির্দিষ্ট নিয়মাবলি এবং স্বাস্থ্যবিধি মেনে তবেই বেড়াতে আসার অনুমতি দেওয়া হবে। পর্যটকের যে করোনা হয়নি, সেই সার্টিফিকেটও দফতরে জমা দেওয়া আবশ্যক।
সূত্রের খবর, মার্চ ২০২০ থেকে দক্ষিণ আফ্রিকা সমস্ত রকম বিমান পরিবেষা বন্ধ করে দেয় এবং পর্যটক আসাও বন্ধ করে। করোনার কারণে ও দেশেও লকডাউন ঘোষণা করা হয়।
অক্টোবরে এসে দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্ত নেয় যে, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পর্যটকদের বেড়াতে আসার ছাড়পত্র দেওয়া যেতে পারে। নির্দিষ্ট কিছু দেশের জন্য খুলে দেওয়া হল আন্তর্জাতিক বর্ডার। আপাতত ভারত, জার্মানি আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভ্রমণ বা ব্যবসায়িক কাজে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
নিয়মের যে তালিকাটি সরকারিভাবে প্রকাশ করা হয়েছে তারই একঝলক রইল উৎসাহী পর্যটকদের জন্য:
১.বিমানে ওঠার আগে পিসিআর টেস্ট (পলিমার চেইন রিঅ্যাকশন) করে পাওয়া কোভিড নেগেটিভের রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু টেস্ট ৭২ ঘণ্টা আগে করলে হবে না।
২.যদি কেউ এই রিপোর্ট জমা দিতে না পারেন তাহলে নিজের খরচে আলাদা করে যাওয়ার ব্যবস্থা করে নিতে হবে যাত্রীকে।
৩. বেড়াতে যাওয়ার তারিখের পর থেকে ৩০ দিনের মেয়াদ থাকতে হবে বৈধ পাসপোর্টের এবং এর শেষে দুটো সাদা পাতা থাকতে হবে।
৪. তিনমাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট, ৩০০০ টাকা আর ব্যাঙ্কের হেডের সই থাকতে হবে।
৫. হোটেল বুকিংয়ের প্রমাণ জমা দিতে হবে।
৬. বৈধ বিমান টিকিটের ফোটোকপি জমা দিতে হবে।
৭. লাগবে দুটো পাসপোর্ট সাইজের ছবিও
তাহলে, আর দেরি কীসের! কবে পরিকল্পনা করছেন পোস্ট লকডাউন বিদেশ ভ্রমণের!