
শেষ আপডেট: 14 December 2023 20:04
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তাররা 'মৃত' ঘোষণা করে দিয়েছিলেন। যা শুনে আত্মীয়দের মধ্যে কান্নার রোল ওঠে। শুরু হয় ফোনাফুনি। এই করতে করতে ২৪ মিনিট কেটে গেছে। হঠাৎই সেই 'মৃত' মহিলা বেঁচে উঠলেন। 'ভূত ভূত...' বলে অনেকে চিৎকারও শুরু করেন। তবে শেষমেশ জানা গেল ওই মহিলা মারা যাননি!
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজেই এই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই মহিলা। 'পুনর্জন্ম' পেয়ে তিনি প্রশ্ন করেন, 'আমাকে চিকিৎসকরা ২৪ মিনিটের জন্য মৃত ঘোষণা করেছেন, যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন!' সেই পোস্ট শেয়ার হতেই শোরগোল পড়ে যায়।
জানা গেছে আমেরিকার লেখিকা লরেন কানাডি গত ফেব্রুয়ারি মাসে হঠাৎই নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। লরেনের এমন অবস্থা দেখে তাঁর স্বামী দ্রুত তাঁকে সিপিআর দেওয়া শুরু করেন। সেইসঙ্গে '৯১১'-তে ফোন করেন। হাসপাতালে দু'দিন কোমায় ছিলেন লরেন। আইসিইউতে ৯ দিন যমে মানুষে টানাটানি চলে। একটা সময় হৃৎ স্পন্দন পুরোপুরি থেমে যায়। শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁকে 'ক্লিনিক্যাল ডেথ' ঘোষণা করে দেন।
২৪ মিনিট অসাড় হয়ে পড়ে ছিলেন লরেন। তারপর আবার জ্ঞান ফিরে আসে। তবে সারা শরীরে অসম্ভব খিঁচুনি শুরু হয়। অনেক চেষ্টার পর পুনজ্জীবন লাভ করেন মার্কিন লেখিকা। চিকিৎসকদের কথায়, এই ঘটনা নতুন নয়। ডাক্তারি পরিভাষায় এই রোগকে ল্যাজারুজ এফেক্ট বলে। এটি খুবই বিরল ঘটনা।
চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হলে হৃদযন্ত্র কাজ করা বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই রোগীদের বাঁচার সম্ভাবনা থাকে না। তবে ১৯৮২ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৬৫টি। তার মধ্যে মাত্র ১৮ জন ফের জীবন ফিরে পেয়েছেন। সেই তালিকায় নাম লেখানে লরেন।