
গয়না কিনতে গিয়ে প্রতারণার শিকার মার্কিন মহিলা
শেষ আপডেট: 11 June 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য হাজারো বিদেশি পর্যটকের মতো তিনিও ভারতে এসেছিলেন ঘুরতে। রাজস্থানের অলি-গলি ঘোরার পর তাঁর ইচ্ছা হয়েছিল গয়না কেনার। কিন্তু এই ইচ্ছার চোটে তাঁর যে ৬ কোটি টাকা জলাঞ্জলি যেতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি চেরিস। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এখন কপাল চাপড়াচ্ছেন। আর এই ঘটনায় বদনাম হচ্ছে ভারতের।
২ বছর আগে ভারতে এসে রাজস্থানের এক ব্যবসায়ীর থেকে গয়না কিনেছিলেন চেরিস। ওই ব্যবসায়ী তাঁকে হলমার্ক সার্টিফিকেটও দিয়েছিল। মোট ৬ কোটি টাকার গয়না মার্কিন মুকুলে নিয়ে গেছিলেন চেরিস। এতদিন ধরে সব ঠিক ছিল। চেরিসকে মাথায় হাত তখন দিতে হল যখন তিনি এই গয়নাগুলি নিয়ে একটি এক্সিবিশন করলেন। জানা গেল, একটিও গয়না আসল নয়, বরং এর মার্কেট ভ্যালু মেরেকেটে ৩০০ টাকা হবে!
দিশেহারা অবস্থা তখন চেরিসের। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। তবে কয়েকজনের সঙ্গে কথা বলে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। দেশের মাটিতে পা দিয়েই সোজা চলে যান জয়পুরের ওই সোনার দোকানে। যদিও দোকানের মালিক গৌরব সোনি কোনও অভিযোগই মানতে চায়নি। এরপর চেরিস স্থানীয় পুলিশে অভিযোগ জানান, একই সঙ্গে মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগোযোগ করেন।

রাজস্থানের পুলিশ জানাচ্ছে, যে দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটি বাবা আর ছেলে মিলে চালান। অভিযোগ পেয়ে দোকানে গেলে অবশ্য তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এমনকী বাড়িতেও নেই তারা। পুলিশের অনুমান দুজনেই পালিয়ে গেছে।
পুলিশ এও জানতে পেরেছে, গয়নার মধ্যে যে পাথর ছিল তা আসলে হিরে নয়, মুনস্টোন। সোনার গয়নাও জাল। চমকের ব্যাপার, ওই ব্যবসায়ীরা এই মার্কিন মহিলার বিরুদ্ধেই গয়না লুঠের পাল্টা অভিযোগ দায়ের করেছিল। কিন্তু সিসিটিভি ফুটেজে সত্যিটা বেরিয়ে এসেছে। মূল অভিযুক্তরা কেউ ধরা না পড়লেও যে ব্যক্তি হলমার্ক সার্টিফিকেট ইস্যু করেছিলেন তাকে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন মহিলার দাবি, তিনি একা নন, এইভাবে আরও একাধিক বিদেশি পর্যটকদের সঙ্গে প্রতারণা করেছে ওই ব্যবসায়ীরা।