
শেষ আপডেট: 10 October 2023 18:03
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দশকের মধ্যে ভয়ঙ্করতম খরা। নদী-পুকুর শুকিয়ে কাঠ, মাঠ-ঘাট ফেটে চৌচির! এমনকী, জলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। ফলে শয়ে ডলফিনের মৃতদেহ ভেসে উঠছিল জলাশয়ের জলে। মৃত মাছের স্তূপ জমা হয়েছে, স্থানীয়রা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার এবং জলটুকুও পাচ্ছেন না। আমাজনের রেনফরেস্ট গত কয়েকদিন ধরে এমনই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একাধিক নদী, যা কিনা ছিল ব্রাজিলের লাইফলাইন, তা শুকিয়ে একেবারে কাঠ। সেই ঘটনারই খরার আগের এবং পরের ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে কার্যত স্তম্ভিত নেটিজেনরা।
সূত্রের খবর, অ্যামাজনের বৃহত্তম শাখানদী রিও নিগ্রোর জলস্তর প্রতিদিন ৮ ইঞ্চি করে কমে যাচ্ছে। উত্তর অ্যামাজনে এই বছর রেকর্ড কম বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের জলের উপরিভাগের তাপমাত্রা বেড়েছে। সব মিলিয়েই এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে রেনফরেস্ট এলাকায়। জানা গেছে, এলাকার ৬২টি পুরসভার মধ্যে ৫৯টিই খরার সম্মুখীন। সেগুলির মধ্যে আবার কয়েকটির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
সার্জিও ফ্রেয়ার নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে রিও নিগ্রো নদীর দুটি ছবি শেয়ার করেছেন- একটি জুলাই মাসের এবং অন্যটি অক্টোবরের শুরুতে। দুটি ছবিতেই স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সবুজের বুক চিরে চলে গেছে বালি-পাথরের হলুদ রেখা, যেখানে জল যৎসামান্য। পরের ছবিটি একই জায়গা থেকে তোলা, সেখানে রিও নিগ্রো ঘন নীল জলে টইটম্বুর। সেই পোস্ট ৪৪ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। পৃথিবীর ফুসফুস বলে পরিচিত অ্যামাজন রেনফরেস্টের এই অবস্থা দেখে কার্যত স্তম্ভিত নেটিজেনরা।
A dimensão da seca no Amazonas. A foto de cima é agora. A outro, de julho. pic.twitter.com/RnMedptubO
— Sérgio Freire (@sergiofreire) October 6, 2023
তবে রেইনফরেস্ট এলাকায় ভয়াবহ খরার পাশাপাশি দক্ষিণ ব্রাজিলে আবার বন্যা পরিস্থিতি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চরম আবহাওয়ার কারণ এল নিনো। ব্রাজিল সরকার জানিয়েছে, তারা খরা-কবলিত এলাকাগুলিতে আপৎকালীন সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।