.jpeg)
চেক পয়েন্টে বিস্ফোরকে ঠাসা একটি গাড়িকে ফাটিয়ে দেওয়া হয়
শেষ আপডেট: 20 November 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে ফের আত্মঘাতী হামলায় ১৭ সেনা নিহত। এই হামলায় ৬ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলা হয়। চেক পয়েন্টে বিস্ফোরকে ঠাসা একটি গাড়িকে ফাটিয়ে দেওয়া হলে এতজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাকিস্তানি তালিবানের দলছুট গুল বাহাদুর গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। যদিও সরকারি তরফে মুখে কুলুপ এঁটে রাখা হয়েছে। বান্নু জেলায় নভেম্বর মাসে একাধিক অঘটন ঘটেছে। পুলিশ-সেনা অপহরণ থেকে মেয়েদের স্কুলে হামলা এবং শুটআউটে বিধ্বস্ত এখানকার মানুষ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর পাকিস্তানের কোয়েট্টায় স্টেশনে বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়। জখম হন প্রায় ৩০ জন। বালুচিস্তানের কোয়েট্টার পদস্থ পুলিশ আধিকারিক মহম্মদ বালুচ জানিয়েছিলেন, ১৬ জনের মৃত্যু এবং ৩০ জন জখম হয়েছেন বিস্ফোরণে। তাঁর মতে, আপাতদৃষ্টিতে এটিকে 'আত্মঘাতী' বিস্ফোরণ বলে মনে হলেও তদন্ত করে দেখা হচ্ছে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিস্ফোরণটি ঘটে। শনিবার সকাল ৯টা নাগাদ দুর্গশহর পেশোয়ারের উদ্দেশে জাফ্ফর এক্সপ্রেস সবে রওনা দেওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর। তখন স্টেশন চত্বর ভিড় গিজগিজ করছিল।
বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করে। বিএলএ-র মুখপাত্র জানিয়েছেন, কোয়েট্টা রেল স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণের দায় নিচ্ছি আমরা। পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর হামলা চালায় আমাদের লোক। স্থানীয় সেনা প্রশিক্ষণ স্কুল থেকে তালিম নিয়ে ওই সেনা ইউনিট কোয়েট্টা স্টেশন থেকে জাফ্ফর এক্সপ্রেসে পেশোয়ার ফিরছিল। বিএলএ-র আত্মঘাতী শাখা মজিদ ব্রিগেড এই হামলা চালায়। দুর্ঘটনাস্থলের যে ছবি সিসিটিভিতে ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর গোটা প্লাটফর্ম তছনছ হয়ে রয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ছেঁড়া কাপড়ের টুকরো, মাংস ও রক্তমাথা দেহ।