
শেষ আপডেট: 31 October 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: কিম কার্দাশিয়ানের আঙুলগুলো লক্ষ্য করেছেন? অথবা ডুয়া লিপার নেল পেন্ট? দেখবেন ম্যানিকিয়োর করা হাতে সুন্দর করে কাটা নখে দুধ সাদা রঙ। অথবা হাল্কা গোলাপি বা ব্রাউনের উপর জেলি জেলি পলিশ। দেখে মনে হয় মোম পিছলে যাচ্ছে নখের উপরে। বলিউডের অনেক নামী নায়িকার নখেও আজকাল এমনই দুধ সাদা চকচকে নেল পেন্ট থাকে। ঠিক যেন নেল পলিশ নয় জেল পলিশ।
ঠিকই ধরেছেন, জেল পলিশই। ২০২২ সাল থেকে এমন মিল্কি জেল পলিশের ট্রেন্ড শুরু হয়েছে। সাদা নেলপলিশ নয় কিন্তু, জেল পলিশ। সাধারণ নেলপলিশে সে জেল্লা নেই যা জেল পলিশে আছে। তফাৎটা অনেকটা ম্যাট আর গ্লসি লিপস্টিকের মতো। এই ধরনের নেলপলিশ হল গ্লসি বা চমকদার।
মিল্কি হোয়াইট জেল পলিশ বা লাইট শেডের রঙের মিল্কি নেল এখনকার মেয়েদের খুবই পছন্দের। রূপ বিশেষজ্ঞরা বলছেন একে বলে মিল্কি নেল বা লিপগ্লস নেল। নখে চকচকে জেলির মতো পলিশ।
নখের সৌন্দর্যের কদর সর্বত্র। তা সে ছোট করে কাটা নখ হোক কিংবা খানিকটা বাড়িয়ে ধারগুলো গোলাকার বা আয়তাকার করে শেপ করা নখ। আর নখের সৌন্দর্য বজায় রাখার জন্য কসরতও কম করতে হয় না। নখ সুন্দর করে কাটো, ম্যানিকিয়োর করো, নেল এক্সটেনশন করলে তো কথাই নেই। তবে ম্যানিকিয়োর করার পর চোখে পড়ার জন্য কিন্তু নেল পলিশই দরকার। এখন আবার নানারকম নেল আর্টও চলে এসেছে।
View this post on Instagram
একরঙা নেল পলিশ থেকে প্রথম বদল এসেছিল দু’রকম রঙের। প্রতিটি নখে দু’তিন রঙের নেল পলিশ যেমন ছিল, তেমনই আবার হাতের পাঁচ আঙুলের মধ্যে বিশেষ একটি বা দু’টি নখে আলাদা রং করারও চল ছিল। পরে এল প্রতিটি নখে নানা প্যাটার্ন তৈরির চল।
আর এখন সেলিব্রিটিদের পছন্দ মিল্কি জেলি পলিশ। পপ তারকা কার্ডি বি যখন পারফর্ম করেন বা অ্য়াওয়ার্ড সেরিমনিতে আসেন তখন খেয়াল করবেন, কার্ডির নখে নেল এক্সটেনশনের পাশাপাশি থাকে জেলি পলিশ। বেশিরভাগ সময়েই দুধ সাদা মিল্কি হোয়াইট জেল পলিশ লাগান কার্ডি। তাঁর গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখেই নেলপলিশের রঙ ঠিক করেন।
এখন কথা হল এই মিল্কি জেলি পলিস জিনিসটা কী?
মোদ্দা কথা হল, শাইনি বা চকচকে নেল পেন্ট। ম্যানিকিয়োরের উপরেই নির্ভর করে। খুব হাল্কা, ক্রিমি ম্যানিকিয়োর করে নখের ওইরকম চকচকে, মোমের মতো রঙ আনা হয়। তার উপর নেল পেন্ট করা হয়। ছোট করে গোলাকারে কাটা নখ বা আমন্ডের মতো কাটা নখে মিল্কি পলিশ বেশি ভাল হয়। নখটা ভরাট হয়ে পুরু জেলির মতো লাগে। মনে হয় খুব সলিড রঙে পলিশ করা হয়েছে। আসলে কিন্তু এটা খুবই সফ্ট, ক্রিমি এবং জেলি পলিশ।

এই মিল্কি পলিশের অনেক ধরন আছে। স্ট্রবেরি মিল্ক, ব্লুবেরি মিল্ক, নানা রঙের ফলের রঙেও নখে মিল্কি পলিশ করা যায়। যে কোনও ড্রেসের সঙ্গে বা আউটলুকের সঙ্গে মিল্কি পলিশ ভাল যায়। সে আপনি গাউন পরুন বা শাড়ি, মিল্কি নেল পলিশ যে কোনওরকম ফ্যাশনের ক্ষেত্রেই ইন।
ক্লাসিক মিল্কি লুকের ক্রিমি সাদা নেলপলিশের শেডই ভাল। তবে রঙ চাইলে আগে একটা বেসকোট ব্যবহার করা হয়, তার উপর হাল্কা শেডের রঙের পলিশ করে গ্লসি ফিনিশ করা হয়। ম্যানিকিয়োর করার সময়েই বলে দিতে হবে কী ধরনের রঙ চাইছেন, সেই অনুযায়ী বেসকোট তৈরি হবে।
এখনকার সময়ে যেমন ন্যুড মেকআপের চল বেশি, তেমনই মিল্কি পলিশকেও ন্যুড পলিশ বলছেন রূপ বিশেষজ্ঞরা। উজ্জ্বল রঙের চমক নেই, রামধনু রঙের পেন্টও নয়, একেবারে সাদা বা গঙ্গাজল রঙা নেলপেন্টের উপরে জেলির মতো পলিশ। হাতের লুকটাই বদলে যায়।
বিউটি সাঁলোতে এখন দিব্যি মিল্কি জেল পলিশ করানো হয়। ৭০০ থেকে হাজারের মধ্যে খরচ পড়বে। ভাল ব্র্যান্ডের জেল পলিশ ব্যবহার করাই ভাল। তবে যদি কার্দাশিয়ানদের মতো চকচকে দুধসাধা নখ চান, তাহলে সাঁলোতে গাঁটের কড়ি খসিয়ে নেল পেন্ট করানোই ভাল। ম্যানিকিয়োরের পর আপনার পছন্দমতো শেডে মিল্কি জেল পলিশ করে দেবেন তাঁরা।