
মোহনবাগানের সহকারি কোচকে লাল কার্ড দেখানো হল
শেষ আপডেট: 20 December 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো : হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষপর্যন্ত পরাজয় স্বীকার করল মোহনবাগান সুপার জায়ান্ট। থামল সবুজ-মেরুন ব্রিগেডের বিজয়রথ। এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ গোলে হারতে হয়েছে বাগান ব্রিগেডকে। যদিও তারা এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় (২৬) লিগ টেবিলের শীর্ষেই রয়েছে।
তবে এই ম্যাচেও বিতর্ক কিন্তু পিছু ছাড়ল না। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রিস্টাল জন। আরও একবার তোপের মুখে পড়লেন তিনি। আসলে ম্যাচের একেবারে শেষদিকে কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন বাগানের সহকারি কোচ। না হওয়াটাই অস্বাভাবিক। মনে করা হচ্ছে, দলের এই করুণ অবস্থা দেখে তিনি মলিনার সঙ্গে কথা বলতে এসেছিলেন। সেইসময়ই রেফারির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর তখনই ক্রিস্টাল জন লাল কার্ড দেখিয়ে দেন। রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে বাগান সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ।
তবে এই ম্যাচে একেবারে যোগ্য দল হিসেবেই জয়লাভ করেছে এফসি গোয়া। শুরু থেকেই তারা ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছিল। গোয়ার হয়ে জোড়া গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ। প্রথমটা ম্যাচের ১২ মিনিটে। আর দ্বিতীয় গোলটা আসে ৬৮ মিনিটে। এই ম্যাচে মোহনবাগান একটাই মাত্র গোল করে। তাও সেটা পেনাল্টি থেকে। ৫৫ মিনিটে পেত্রাতোসের গোলে কিছুটা হলেও সম্মান বাঁচায় বাগান ব্রিগেড। তবে চোট পেয়ে পেত্রাতোসের উঠে যাওয়াই মোহনবাগানের কাছে 'কাল' হয়ে ওঠে।
আপাতত ১২ ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্ট ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। আটটা জিতেছে, দুটো ড্র করেছে এবং দুটো ম্যাচ হেরে গিয়েছে। মনে রাখার বিষয়, মোহনবাগান যে দুটো ম্যাচে হেরেছে, সেই দুটোই অ্যাওয়ে ম্যাচ। এর আগে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা হেরেছিল। যদিও লিগ টেবিলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে সুনীল ছেত্রীর দল। আগামী ২৬ ডিসেম্বর পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা। বছরের শেষ ম্যাচে তারা জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেটাই আপাতত দেখার।