দিনের শেষে যতই এমবাপের ভুল পায়ে স্ক্যান চলুক না কেন, মেডিক্যাল ইউনিট চ্যাটজিপিটির সাহায্য নিক না কেন, রিয়াল মাদ্রিদ প্রযুক্তিকে অগ্রাহ্য করতে নারাজ। তাদের ঘরের মাঠও তাই আজ শুধু ফুটবল স্টেডিয়াম নয়, এক বহুমুখী স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাব।

রিয়ালের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 26 March 2026 18:42
দ্য ওয়াল ব্যুরো: যে মাঠে গোল হলে শোনা যায় দর্শক-গর্জন, সেই ময়দানেই এবার জমে উঠবে র্যাকেটের লড়াই! শুনতে অবাক লাগলেও সত্যি। বিখ্যাত ফুটবল ময়দান সান্তিয়াগো বের্নাবেউ (Santiago Bernabeu) এবার বদলে যাচ্ছে টেনিস কোর্টে। দর্শকরা কিছুদিনের জন্য রিয়াল মাদ্রিদের (Real Madrid) ঘরের মাঠকে নতুন চেহারায় দেখতে পাবেন। গুজব নয়, খবরের সত্যতা ক্লাব কর্তৃপক্ষ নিজেরা স্বীকার করেছে।
ফুটবল ময়দানে টেনিসের ছোঁয়া
চর্চার কেন্দ্রে মাদ্রিদ ওপেন (Madrid Open)। যা শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। সেই টুর্নামেন্ট চলাকালীন বের্নাবেউকে ব্যবহার করা হবে প্র্যাকটিস ভেন্যু হিসেবে। ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বসবে একাধিক টেনিস কোর্ট। মূল টুর্নামেন্ট অবশ্য আগের মতোই কাহা মাগিকায় (Caja Magica) আয়োজিত হতে হবে। কিন্তু খেলোয়াড়দের অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে বের্নাবেউকে। আসল কারণ যোগাযোগ। স্টেডিয়ামটি প্লেয়ারদের হোটেলের খুব কাছে। ফলে আসা-যাওয়া সহজ।

এই সিদ্ধান্তে টেনিস মহলেও কৌতূহল তৈরি হয়েছে। ফুটবলের আঙিনায় টেনিস—এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি।
ভোলবদলকীভাবে সম্ভব?
এই পরিবর্তনের পেছনে রয়েছে আধুনিকতম প্রযুক্তি। ২০২৩ সালে প্রায় ১০০ কোটি ডলার খরচ (stadium renovation) করে বের্নাবেউয়ের বড়সড় সংস্কার চলেছে। রদবদলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য—রিট্র্যাক্টেবল পিচ (retractable pitch)। যার সুবাদে ফুটবলের ঘাসের ময়দানকে কয়েকটি ভাগে ভাগ করে নিচে সরিয়ে রাখা সম্ভব। মাটির তলায় বিশেষ ব্যবস্থায় সেই ঘাস সতেজ থাকে। সেক্ষেত্রে উপরের কংক্রিটের জায়গায় বসতে টেনিস কোর্ট জাতীয় অন্য কিছু। প্রযুক্তির কল্যাণেই এখন ফুটবল মাঠ মুহূর্তে অন্য খেলায় বা অনুষ্ঠানের মঞ্চে বদলে ফেলা সম্ভব।
বহুমুখী বের্নাবেউ
রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ (Florentino Perez) অনেকদিন ধরে চেয়ে এসেছেন, এই স্টেডিয়াম শুধু ফুটবলের মধ্যে আটকে না থেকে ব্যাপ্তি অর্জন করুক, হয়ে উঠুক বহুমুখী। আগেও এখানে এনএফএল (NFL) ম্যাচ হয়েছে। ২০২৪ সালে গানের অনুষ্ঠান করেছেন টেলর সুইফট (Taylor Swift)। এবার তালিকায় যোগ হচ্ছে টেনিস। একসময় রাফায়েল নাদাল (Rafael Nadal) বনাম রজার ফেডেরারের (Roger Federer) ম্যাচ খেলানোর কথাও ভাবা হয়েছিল! এ যাত্রা স্রেফ অনুশীলন, ভবিষ্যতে বড় ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দিনের শেষে যতই এমবাপের ভুল পায়ে স্ক্যান চলুক না কেন, মেডিক্যাল ইউনিট চ্যাটজিপিটির সাহায্য নিক না কেন, রিয়াল মাদ্রিদ প্রযুক্তিকে অগ্রাহ্য করতে নারাজ। তাদের ঘরের মাঠও তাই আজ শুধু ফুটবল স্টেডিয়াম নয়, এক বহুমুখী স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাব।