
শেষ আপডেট: 3 November 2023 17:30
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় তাঁকে বেশিরভাগ সময়ে ঝলমলে গ্ল্যামারাস লুকেই দেখা যায়। তবে নতুন ওয়েব সিরিজে তাঁর লুক দেখলে চমকে উঠতে হবে। সামনেই মুক্তি পেতে চলেছে আড্ডাটাইমস-এর নতুন ওয়েব সিরিজ 'পেত্নী।' সম্প্রতি প্রকাশিত হল এই সিরিজের 'ফার্স্ট লুক'। একেবারে ভুতুড়ে লুকে এই সিরিজে দেখা যাবে ঊষসীকে। এলোমেলো চুল, টকটকে লাল চোখ, শুকিয়ে ফেটে যাওয়া ঠোঁটে ঊষসী যেন আক্ষরিক অর্থেই পেত্নী।
অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজে ঊষসী ছাড়াও রয়েছেন টলিপাড়ার বহু চেনা মুখ। কাঞ্চন মল্লিক, শুভ্রজিত দত্ত, অর্ণব বন্দ্যোপাধ্যায়, জেসমিন রায়কে দেখা যাবে এই সিরিজে। মূলত চার বন্ধুর গল্প 'পেত্নী'। গাড়ি নিয়ে রোডট্রিপে যায় ৪ বন্ধু। এরপর আচমকাই তাঁরা এক দুর্ঘটনার মুখোমুখি হয়। এই দুর্ঘটনায় কিছুদিন নিখোঁজ থাকার বেশ কিছু দিন পর ফিরে আসে এক বন্ধু রাকা। রাকার চরিত্রে রয়েছেন ঊষসী। রাকা ফিরে আসার পর থেকেই নানারকম ভুতুড়ে ঘটনা ঘটতে শুরু করে।
'পেত্নী' প্রসঙ্গে ঊষসী জানান, ভুতের গল্পের দিকে বরাবরই আগ্রহ রয়েছে তাঁর। সেই কারণেই এই ছবিতে অভিনয়ের ক্ষেত্রে সম্মতি জানান তিনি। আড্ডাটাইমস-এর সঙ্গে ঊষসীর এটিই প্রথম কাজ। জানা গেল বিভিন্ন ভৌতিক লোকেশনে এই ছবির শ্যুটিং হয়েছে। পরিচালক অভিমন্যু জানালেন, 'পেত্নী'র চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
প্রসঙ্গত, এমন ধরনের চরিত্রে এই প্রথমবার দেখা যাবে ঊষসীকে। নতুন ধরনের চরিত্রে তাঁকে দর্শক কীভাবে গ্রহণ করেন তা জানতেই মুখিয়ে ঊষসী। আগামী ১৭ নভেম্বর থেকে 'আড্ডাটাইমস'-এর পর্দায় আসবে 'পেত্নী'।