
শেষ আপডেট: 4 October 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: 'স্বদেশ' ছবিতে শাহরুখের সহ অভিনেত্রী হিসাবে দেখা গিয়েছিল গায়ত্রী জোশীকে। ছুটি কাটাতে স্বামীর সঙ্গে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁদের ল্যাম্বরগিনির সঙ্গে একটি ফেরারি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী ও তাঁর স্বামী। তবে এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্য ২ জনের।
গায়ত্রী এবং তার স্বামী সার্ডিনায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গায়ত্রী এবং তাঁর স্বামী বিকাশের গাড়িটি বেশ কয়েকটি গাড়ি এবং একটি ক্যাম্পার গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Two deaths on a Ferrari in Sardina, Italy pic.twitter.com/skT3CaXg0T
— Globe Clips (@globeclip) October 3, 2023
বিকাশ ওবেরয়ের ম্যানেজার জানিয়েছেন, অভিনেত্রী এবং তাঁর স্বামী দুজনেই সুস্থ রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সার্ডিনিয়া সুপারকার ট্যুরের সময়, যেখানে তেউলাদা থেকে ওলবিয়া পর্যন্ত একটি বিলাসবহুল গাড়ির প্যারেড ছিল। গায়ত্রী এবং তাঁর স্বামী তাঁদের ল্যাম্বরগিনি নিয়ে যাচ্ছিলেন। তখনই তাঁদের বিলাসবহুল গাড়ি প্রথমে একটি ফেরারি এবং তারপর একটি ক্যাম্পার ভ্যানে ধাক্কা মারে।
এতেই রাস্তার উপর একেবারে পাক খেয়ে উল্টে পড়ে ফেরারি গাড়িটি। সেটির ভিতর তখন ছিলেন সুইজারল্যান্ডের বাসিন্দা দম্পতি মেলিসা ক্রাউতলি (৬৩) এবং মার্কাস ক্রাউতলি (৬৭)। সংঘর্ষের জেরে গাড়িটিতে আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেটি। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় দুজনেরই।
মহারাষ্ট্রের নাগপুরে জন্ম গায়ত্রীর। পেশাগত জীবন শুরু করেছিলেন একজন ভিডিও জকি হিসেবে। পরে ফেমিনা ইন্ডিয়ায় সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর ২০০০ সালে মিস ইন্টারন্যাশনাল-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকারের পরিচালনায় 'স্বদেশ' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় গায়ত্রীর। বিখ্যাত সেই ছবিতে শাহরুখ খানের সহ অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছিল গায়ত্রী জোশীকে। ছবি হিট তো হয়েছিল বটেই, পাশাপাশি গায়ত্রীর অভিনয়ও প্রশংসা পেয়েছিল।
২০০৫ সালে ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তিনি বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন। জগজিৎ সিং-এর 'হংস রাজ হংস', 'ঝাঁজারিয়া' এবং 'কাযেজ কি কষ্টি' সহ বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।