
ফাইল চিত্র
শেষ আপডেট: 11 December 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুস্তাক খানকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর নাম করে অপহরণ করা হয়। কমেডিয়ান সুনীল পালের অপহরণের রেশ কাটতে না কাটতেই উঠে এল বলি অভিনেতা মুস্তাকের অপহরণের খবর। স্ত্রী ২ খ্যাত অভিনেতা মুস্তাক খানকেও অনুষ্ঠানের টোপ দিয়ে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
অক্ষয় কুমারের 'ওয়েলকাম' ও 'স্ত্রী ২'-এ অভিনয়ের জন্য পরিচিত মুস্তাক খানকে দিল্লি-মিরাট হাইওয়েতে নির্যাতন করা হয়। সেই ঘটনাই সবার সামনে তুলে ধরেছেন তিনি। জানা গিয়েছে, অভিনেতাকে ২০ নভেম্বর মিরাটে একটি অ্যাওয়ার্ড শোতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় অভিনেতাকে।
শুধু তাই নয়, সেই সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁর জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই গাড়িই মুস্তাককে গন্তব্যে পৌঁছে দেবে। এমনটাই জানতেন অভিনেতা। ইন্ডিয়া টুডে ডিজিটালকে এমনটাই জানিয়েছেন অভিনেতার ব্যবসায়ী পার্টনার।
অভিনেতার মতে, এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। তারপরে সেই টাকার জন্য প্রায় ১২ ঘণ্টা অত্যাচর করা হয় মুস্তাককে। শেষ পর্যন্ত অভিনেতার থেকে দু'লাখের বেশি টাকা মুক্তিপণ নেয় তাঁরা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।