
শাহরুখ খান ও কাজল
শেষ আপডেট: 2 May 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: দর্শকের চোখে তাঁরা একে অপরের পরিপূরক। রুপালি পর্দায় প্রেম মানেই যেন শাহরুখ খান ও কাজলের যুগলবন্দি। যুগের পর যুগ ধরে তাঁদের রসায়ন ঘিরে তৈরি হয়েছে অজস্র গল্প, প্রশ্ন, গুজব—যার শেষ নেই। ‘বাজিগর’ ছবির সেটে প্রথম দেখা, তারপর ধীরে ধীরে জমে ওঠা বন্ধুত্ব। সেই বন্ধুত্ব পার করেছে দুই দশকেরও বেশি সময়। এই দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি, দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এক অনন্য স্থানে।
তবে তাঁদের বন্ধন কি শুধুই বন্ধুত্ব? বহুবার জনসমক্ষে তাঁরা নিজেরাই স্বীকার করেছেন, তাঁদের সম্পর্ক গভীর, অটুট। একে অপরকে নিয়ে হাস্যরস, ভালোবাসা, সম্মান—সবই ভাগ করে নিয়েছেন খোলাখুলিভাবে। একসময় এমনও শোনা যেত, তাঁরা বাস্তবে স্বামী-স্ত্রী। অভিনেতা বরুণ ধাওয়ানের ছোটবেলার ধারণাও তাই-ই ছিল—তিনি ভাবতেন কাজলই নাকি শাহরুখের স্ত্রী!
২০১০ সালে 'মাই নেম ইজ খান' ছবিতে আবার একসঙ্গে ধরা দিলেন তাঁরা। একসময়ের রোমান্টিক পর্দা-জুটির সেই ফিরে আসাও যেন ছিল আবেগঘন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও যেন আবার উসকে দিল পুরোনো জল্পনা। একটি ট্যাক্সিক্যাবে শাহরুখ ও কাজলকে দেখে চালক সরলভাবেই ধরে নিয়েছিলেন, তাঁরা বিবাহিত দম্পতি।
মজা করে শাহরুখ তখন বলেন, "আমরা বিবাহিত নই, তবে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।" পাশে বসা কাজলের মুখে ততক্ষণে বিস্ময়ের ছাপ, তবে অভ্যস্ত সেই চিরচেনা রসিকতায়, শেষে হেসেই ফেলেন।