
পথের পাঁচালীর 'দুর্গা' উমা দাশগুপ্ত
শেষ আপডেট: 18 November 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: 'পথের পাঁচালী'র 'দুর্গা' উমা দাশগুপ্তের জীবনাবসান। মাসখানেক আগেই আচমকা রটে যে, উমা দাশগুপ্ত নাকি প্রয়াত হয়েছেন! কিন্তু পরে জানা যায়, অভিনেত্রী সুস্থই রয়েছেন। ভাল আছেন। মার্চে শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরেছিলেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা 'পথের পাঁচালী'কে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। সেই সিনেমায় 'দুর্গা'র অভিনয় মন ছুঁয়েছে যাওয়ার মতো।
যে আবাসনে উমা দাশগুপ্ত থাকতেন, সেই একই আবাসনে থাকেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়। তিনিই অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন।
ছোটবেলা থেকেই থিয়েটার আঁকড়ে বাঁচতে চেয়েছিলেন উমা। তাঁর স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে সখ্য ছিল সত্যজিৎ রায়ের।সেই শিক্ষকের সাহায্যেই দুর্গাকে খুঁজে পান সত্যজিৎ। পরিবার প্রথমে রাজি না হলেও, পরিচালকই অনুমতি আদায় করে নেন। তারপরের ঘটনা আর বলে দিতে হয় না।
'পথের পাঁচালীর' পরেও বেশ কিছু ছবিতে কাজ করন অভিনেত্রী। কিন্তু বাঙালির কাছে উমা দাশগুপ্ত আদরের দুর্গাই রয়ে গিয়েছে।