
শেষ আপডেট: 21 September 2023 07:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ছবির মধ্যে গত কয়েক বছর ধরেই দক্ষিণী ছবি সারা দেশের দর্শকদের মন জয় করেছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও দক্ষিণী 'আরআরআর' অস্কারের (Oscar 2024) মতো পুরস্কার ঘরে এনে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করেছে গোটা বিশ্বের দরবারে। আর তার সঙ্গেই দক্ষিণী ছবি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভারতীয় ছবির নিরিখে। প্রসঙ্গত, দক্ষিণী ছবির দাপটে গত কয়েক বছর বেশ কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড।
তবে চলতি বছরে বলিউডের সুদিন আবার ফিরেছে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky aur Rani ki prem kahani) থেকে একাধিক ছবি বাণিজ্যিক ভাবে যথেষ্ট সফল হয়েছে। সেই কারণেই এবার বলিউড থেকে একগুচ্ছ ছবি অস্কারে পাঠানোর পরিকল্পনা করেছেন নির্মাতারা। করণ জোহরের দীর্ঘদিন বাদে পরিচালনায় ফেরা যে ছবি দিয়ে সেই 'রকি অউর রানি কি প্রেম কাহানি' বক্স অফিসে মোটের উপর ভালই ব্যবসা করেছে। সমালোচকরা এই ছবিতে নারী-পুরুষের বাইনারিকে ভেঙে যে নতুন ভাবে দেখানো হয়েছে, তাতে একপ্রকার মুগ্ধ। রীতিমতো আলোচিত হয়েছে টোটা-রণবীরের নাচের দৃশ্য সহ একাধিক দৃশ্য। সেই কারণেই 'রকি অউর রানি'কে অস্কারে পাঠানোর তোড়জোড় শুরু করেছেন নির্মাতারা।
শুধু তাই নয়, সম্ভবত, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'কেও অস্কারে পাঠানোর পরিকল্পনা করছেন নির্মাতারা। এছাড়াও 'দ্য স্টোরিটেলার', 'মিউজিক স্কুল', 'ঘুমর', তামিল ছবি 'বিদুথালাই ১', তেলুগু ছবি 'দসরা' সহ মোট ২২টি ছবি ২০২৪-এর অস্কার প্রতিযোগিতায় যেতে চলেছে ভারত থেকে।
প্রসঙ্গত, চলতি বছরে 'আরআরআর' এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর সাফল্যই ভারতীয় ছবির নির্মাতাদের নতুন করে নিজেদের ছবিকে অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার ছবি 'গদর ২'-এর পরিচালক অনিল শর্মা এবং 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলি কুমারও ছবির সাফল্যের পর সানি দেওল এবং শাহরুখ খানের এই দুই ছবিকে অস্কারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদি সত্যিই এই দুই ছবি অস্কারে যায় এবং 'আরআরআর'-এর মতোই সাফল্য লাভ করতে পারে সেক্ষেত্রে বি টাউনে দীর্ঘদিন ধরে চলে আসা মিথ, 'পুরস্কারের মঞ্চে বাণিজ্যিক ছবি সফল হয় না' এই ধারণার হয়তো বদল ঘটবে।
ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ক কিনলেন মুকেশ আম্বানি, দুটি জেমস বন্ড ছবির শ্যুটিং হয়েছিল ওই প্রাসাদে