দ্য ওয়াল ব্যুরো: নিজেকে একটু নিয়মে রাখলেই যে আমূল বদল সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেতা রাম কাপুর। প্রপার ডায়েট, জিম সেশন আর একটু নিয়ম মানার ফলে দু'বছরেই রাম হয়ে গিয়েছেন একেবারে চেঞ্জ। ৪৬ বছরের অভিনেতার এখনকার ছবি দেখে তাঁকে চেনাই দায়।
রাম কাপুর। বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ। বেশ গোলাগাল চেহারা। মুখে সদাই লেগে রয়েছে চওড়া হাসি। কিন্তু এ কী! নতুন অবতারে রাম কাপুরকে দেখে তো চিনতেই পারছেন না কেউ। ভুঁড়ি কমিয়ে এ যে এক্কেবারে স্লিম-ট্রিম রাম কাপুর। কী ভাবে রামের এই ট্রান্সফরমেশন হলো তা জানতে উৎসাহী নামিদামী অভিনেত্রীরাও। এমনকী তাঁর ডায়েট এবং ফিটনেস চর্চা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
https://www.instagram.com/p/BzuCfOcgjYS/
কেমন করে এমন অসাধ্য সাধন করলেন রাম কাপুর?
বলিউডে কমিক চরিত্রে বেশ কয়েকবার অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সিরিয়াস চরিত্রে যে অভিনয় করেননি তা নয়। বেশ রাশভারী বাবার চরিত্রেও 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে বরুণ ধাওয়ানের বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এ বার যা বদল রাম ঘটিয়েছেন, তাতে নায়কের ভূমিকাতেও দেখা যেতে পারে অভিনেতাকে, এমনটাই বলছেন দর্শকরা।
https://www.instagram.com/p/Bzm0oM-g9bS/
২০১৭ সালের পর থেকেই নিজেকে বদলানো শুরু করেন রাম কাপুর। অভিনেতার কথায়, "সন্তানদের কাছে নিজেকে সুস্থ এবং ফিট বাবা হিসেবে পরিচিত করতে চেয়েছিলাম। সেই থেকেই এসবের শুরু। একটু একটু করে নিজেকে নিয়মে বেঁধেছি।" রাম জানিয়েছেন, ধূমপান একেবারেই ত্যাগ করেছেন তিনি। এ ছাড়াও নিয়মিত ডায়েট এবং প্রপার ডায়েটের ফলেই অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলেছেন রাম। এখন একদম সুঠাম পুরুষ। শরীরে মেদের লেশমাত্র নেই।
নিজের দু'বছর আগের এবং হালফিলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। রাম কাপুরের আমূল পরিবর্তন দেখে তাজ্জব বনে গিয়েছে সিনে দুনিয়া। চমকে গিয়েছেন তাঁর ফ্যানরাও।