দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস অতিমারী, লকডাউনের অর্থনীতির ওপর নেতিবাচক প্রতিক্রিয়ায় অসংখ্য মানুষ বেকার হয়ে রুটি-রুজির সংস্থান হারিয়েছেন। কিন্তু সমাজের ওপরমহলকে কতটা ধাক্কা দিয়েছে তা? কঙ্গনা রানাউত কী বলছেন? বলিউডের প্রথম সারির অভিনেত্রীর দাবি, হাতে কোনও কাজ না থাকায় তিনি গত বছরের আয়করের অর্ধেকও দিতে পারেননি! জীবনে প্রথম কর দিতে দেরি হল তাঁর, জানিয়েছেন বলিউডের ‘ক্যুইন’। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনিই ‘সর্বোচ্চ করদাতা অভিনেত্রী’ বলে দাবি করে কেন্দ্রের ইচ ওয়ান পে ওয়ান পলিসি রিপোর্টের স্ক্রিনশটও শেয়ার করেছেন কঙ্গনা।
লিখেছেন, সবচেয়ে বেশি ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়ি। আয়ের প্রায় ৪৫ শতাংশই কর বাবদ চলে যায়। সবচেয়ে বেশি ট্যাক্সদাতা অভিনেত্রী, কিন্তু হাতে কাজ না থাকায় গত বছরের আয়করের অর্ধেকই দেওয়া হয়নি এখনও। কিন্তু বকেয়া আয়করের টাকার ওপর সরকার সুদ চাপাচ্ছে সরকার। তবুও একে স্বাগত জানাই। ব্যক্তিগত ভাবে হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সবাই একসঙ্গে হলে তো সময়ের চেয়ে বেশি জোর আমাদের।
সম্প্রতি কঙ্গনা নিজের মুম্বই দপ্তরে যান। গত বছর কাঠামোগত নিয়মবিধি ভাঙার জন্য সেই দপ্তর ভবন আংশিক ভেঙে দিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। আলোকচিত্রীরা তাঁকে ক্যামেরার সামনে পোজ দিতে বললে এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, আমায় নিজের কাজ করতে দিন আপনারা।
গত মে মাসে কঙ্গনা করোনাভাইরাস পজিটিভ হন, নিজেকে কোয়ারান্টিন করেছেন বলে জানান। এটা সামান্য ফ্লু, তিনি ধ্বংস করে দেবেন বলে মন্তব্য করেন। এজন্য সমালোচিতও হন। তবে পরে টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, প্রত্যেককে জানান, আমি কোভিড নেগেটিভ। কীভাবে ভাইরাসকে পরাস্ত করলাম, তা নিয়ে অনেক কিছু বলতে চাই, কিন্তু আমায় কোভিড ফ্যান ক্লাবকে বিরক্ত করতে বারণ করা হয়েছে। ঠিকই, অনেক লোক আছে যারা, ভাইরাসের প্রতি অসম্মান দেখালে রেগে যাবেন। যাই হোক, আপনাদের শুভেচ্ছা, ভালবাসার জন্য ধন্যবাদ।
এদিকে কঙ্গনার বহু প্রতীক্ষিত প্রজেক্ট 'থালাইভি' কোভিড ১৯ অতিমারীর জেরে স্থগিত রয়েছে। ২৩ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল তামিল অভিনেত্রী-রাজনীতিকের জীবন নির্ভর ছবিটির।