
Kabir Suman
শেষ আপডেট: 17 March 2025 19:52
বিহঙ্গী বিশ্বাস
সময়টা সাতের দশক। গ্রামাফোনের রেকর্ড তখনও বিলুপ্তির পথে নয়। আত্মপ্রকাশ হল এক তরুণ তুর্কীর-- তিনি সুমন চট্টোপাধ্যায়। তখনও কবীর হননি তিনি। এরপর রেডিয়ো, ক্যাসেট, তোমাকে চাই, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গান... দীর্ঘ তালিকায় রোজই বেড়েছে নিত্য নতুন তকমা। বিতর্ক? তাও নেহাত কম নয় এই জীবনকে ঘিরে। সেই জীবনই যদি ছবির আকারে আসে তবে তা নিয়ে উৎসাহের ঢেউ কিছু কম হয় না! সংবাদমাধ্যমকে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই কাজটিই এবার করতে চলেছেন তিনি। কবীর সুমনের 'তোমাকে চাই' তৈরির জার্নি নিয়েই বানাতে চলেছেন বায়োপিক। সুমনামির জোয়ারে ভাসতে চলেছে বাংলা? সে জোয়ারে সাড়া কি দিয়েছেন খোদ কবিয়ালও? দ্য ওয়াল যোগাযোগ করেছিল কবীর সুমনের সঙ্গেই।
রাতভর অনুষ্ঠানে খানিক ক্লান্ত। তবু ফোন ধরে খবরটা জানতে পেরেই গলায় কিশোরের উচ্ছ্বাস । বললেন, "তাই? সৃজিত বলেছে? অনেক দিন আগে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু নতুন করে তো এখনও কিছু বলেনি। তবে সৃজিত যদি বানায় আমার তাতে কোনও আপত্তি নেই। ও ভাল ছেলে। ভাল পরিচালক। ওর প্রতি আবার বেশ আস্থা আছে।" খানিক থামলেন। তারপর বললেন, "তবে কি, আমার জার্নিটা তো আজকের নয়। মনে রাখতে হবে, ১৯৭২ থেকে শুরু। সেই পুরোটা যদি না দেখানো হয় তবে তো সম্পূর্ণ হবে না। সৃজিত বুদ্ধিমান। কিছু নিশ্চয়ই ভেবেছে। আমি কিন্তু শুরুর জীবনে রাজনৈতিক ভাবেও সক্রিয় ছিলাম। সব কিছুই থাকা উচিত।" তাঁর জীবনের নানা পর্যায়, এই সব কয়টি পর্যায় কে ফুটিয়ে পারতে পারেন স্ক্রিনে? হালফিলের টলি-অভিনেতাদের মধ্যে কার প্রতি সেই আস্থা রয়েছে কবীরের?
বেশ খানিকক্ষণ ভাবলেন তিনি। জলদগম্ভীর কণ্ঠস্বরে ফের বলা শুরু করলেন, "একই সঙ্গে গিটার ও কি-বোর্ড বাজিয়েছি। এই গানে কি-বোর্ড, পরের গানে গিটার। সেগুলো কোন অভিনেতা করতে পারবেন! আমি জানি না। এখনকার দিনে তো সেভাবে কাউকেই...আমার বায়োপিকে..."।
গভীর চিন্তায় ডুবে গিয়েই হঠাৎই সুমনের ইউরেকা, 'একজন আছেন। খুব ভালো। অনির্বাণ ভট্টাচার্য। ওর অভিনয় আমি দেখেছি, তবে মঞ্চে। ভীষণ ভাল লেগেছিল। আমি ব্যক্তিগত ভাবে খুব একটা চিনি না তাঁকে। একবার বাড়ি এসেছিল। যদি নির্বাচনের কথা আসে তবে অনির্বাণ ভাল হবেন বলে আশা করাই যায়।" এখানেই শেষ নয়, নিজেকে নিয়ে ছবি তৈরি হলে কোনও খামতি যেন না থাকে। ডিটেইলিং, যাপন-- এ সবই যে গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিয়েই তিনি ফের বললেন, "আমার বায়োপিক বানাতে গেলে আমাকে তো জানতে হবে। হাউ আই লিভ, আমি কে? আমার সঙ্গে থাকতে হবে। আমি কী করি, আমার বাচনভঙ্গি, আমার দোষ-ত্রুটি, সব... সেটা কি অনির্বাণ পারবেন? কী জানি!" তবে সৃজিতের উপর আস্থার কথা আরও একবার মনে করিয়ে দিতে ভুললেন না তিনি। যোগ করলেন, "ও এইসব ভেবেছে আশা করা যায়। আমাকে ফোন করলে আরও বিস্তারিত কথা হবে।" সৃজিত, আপনি কি শুনছেন?