
জয়া আহসান
শেষ আপডেট: 9 January 2025 21:15
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৮ সালে বিয়ে, ২০১১ সালে বিচ্ছেদ--- বিয়ে করেছিলেন ঢাকার জমিদার পরিবারের ফয়সাল আহসানের সঙ্গে। জয়া মাসুদ থেকে হয়ে উঠেছিলেন জয়া আহসান। ১৩ বছর সংসার করার পরে ২০১১ সালে দাম্পত্যে চিড় ধরে। যদিও পরস্পরকে নিয়ে কখনও কুমন্তব্য করেননি তাঁরা। এই মুহূর্তে নিজেকে সিঙ্গল হিসেবেই দাবি করেন জয়া। আর সংসার? বা সংসারের স্বপ্ন, তা কি আজও দেখেন দুই বাংলার কাঙ্ক্ষিত এই সুদর্শনা?
বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'কে দেওয়া এক সাক্ষৎকারে জয়া বলেন, "আমি তো সংসারই করি। করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না। আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।"
বিয়ে ভেঙেছে ঠিকই তবে তাঁকে আঁকড়ে রয়েছেন মা, ভাই-বোন, আর পোষ্যরা। তাঁরাই জয়ার সংসার। তাঁরাই তাঁর সন্তান। ভাঙনের যুগে জয়ার পাল্টা প্রশ্ন, "বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? যারা বিয়ে করেও যোজন ক্রোশ দূরে থাকে মানসিকভাবে, সেটাই কি সংসার? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই। সংসার সত্যিকারভাবে কেউ যদি করে, সেটা তারা করুক। তার এক্সটেনশন তৈরি করুক। পৃথিবীতে দিয়ে যাওয়ার মতো কিছু করুক। আমি আমার মতো করে এভাবেই সংসার করছি। করব।"
জীবনের নানা অধ্যায়ে জয়ার নাম জড়িয়েছে বহু মানুষের সঙ্গে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। যদিও প্রকাশ্যে এই নিয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি জয়াকে। বজায় রেখেছেন এক অদ্ভুত নীরবতা।