
শেষ আপডেট: 29 November 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে তাঁর অনুরাগী নেহাত কম নয়। সেই সংখ্যা হার মানাতে পারে ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও। এবার সেই হিরো বাংলা ছেড়ে পা রাখছেন বলিউডে। তিনি হিরো আলম। একসময় তিনি জানিয়েছিলেন, দীপিকার সঙ্গেই বি টাউনে পা রাখতে চান। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তাঁর। জানা গিয়েছে, আলমের প্রথম হিন্দি ছবির নায়িকা হচ্ছেন রাখি সাওয়ান্ত।
বুধবার সকালে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা করলেন হিরো আলম। জানা গিয়েছে, এইমুহূর্তে তিনি দুবাইয়ে আছেন। ছবির প্রযোজক আরভ খান এবং নায়িকা রাখিকে সঙ্গে নিয়ে সেখান থেকেই নতুন ছবির কথা জানিয়ে দিলেন অভিনেতা। এতদিন সোশ্যাল মিডিয়ায় হিরো আলম ছিলেন সুপারস্টার। এবার বড়পর্দায় রাখির সঙ্গে জুটি বেঁধে কেমন কাজ করেন, তা দেখার বিষয়।
তবে হিরো আলমের এই ভিডিওবার্তার পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যার মূলে ছবিটির প্রযোজক আরভ খান। বাংলাদেশে তাঁকে নিয়ে বিতর্ক কম নয়। ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও অস্ত্র মামলা-সহ বাংলাদেশ পুলিশের কাছে আরভের নামে ৯টি মামলা রয়েছে। ভিডিওতে আরভ জানান, দুবাই, সিঙ্গাপুর-সহ একাধিক দেশ ঘুরে এই ছবির শ্যুটিং হবে। ছবির পুরো টাকা তিনিই দেবেন।
জানা গিয়েছে, সম্প্রতি দুবাইয়ে আরভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন হিরো আলম। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে তাঁর প্রথম বলিউড সিনেমার কথা পাকা হয়। অবশেষে বুধবার সকালে ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় সেই ছবির। হিরো আলম ও আরভ খান জানিয়েছেন, বাংলা ও হিন্দি দুই ভাষাতেই ছবিটি তৈরি হবে।