
শেষ আপডেট: 18 February 2023 12:30
দ্য ওয়াল ব্যুরো: গতবছর এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছিল 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। প্রায় এক বছর পর ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে এল পরিচালক সঞ্জয় লিলা বনশালির (Sanjay Leela Bhansali) প্রথম ওয়েব সিরিজ (web series) 'হীরামান্ডি’(Heeramandi)-র টিজার। যেখানে রাজকীয় বেশে দেখা গেল ছয় তাবড় সুন্দরীকে। যাদের মধ্যে চারজনই বলিউডের বিখ্যাত অভিনেত্রী।
সোনালি রঙা পোশাক, মানানসই সোনার গয়নায় সেজে টিজারে দ্যুতি ছড়ালেন ছয় রূপসী। সিরিজের গল্প এমন এক জায়গাকে কেন্দ্র করে, যেখানে যৌনকর্মীরাই প্রধান চরিত্র। সঞ্জয় নিজের আগের ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তেও যৌনপল্লির গল্প তুলে ধরেছিলেন। সেই ছবির সাফল্যের পরই পরিচালক এই ওয়েব সিরিজ় তৈরির ঘোষণা করেন।
শনিবার সেই সিরিজ়ের প্রথম টিজার মুক্তি পাওয়ার পরেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সঞ্জয় লিলা বনশালির ছবির যারা ভক্ত, তাঁরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে, পরিচালক আবার 'লার্জার দ্যান লাইফ' গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন।
এই টিজারে একসঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের ছয় অভিনেত্রী। তালিকায় রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জীদা শেখ, শর্মিন সেহগল। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। তবে কবে থেকে তা সম্প্রচারিত হবে, সেটা এখনও ঘোষণা করা হয়নি।
‘পাঠান’ ঝড়ের মধ্যেই ফের মুক্তি পেল ‘ডিডিএলজে’, নতুন ছবির ব্যবসা নিয়ে চিন্তায় শাহরুখ