রোজি ওয়াহিদা আর রাজু দেব আনন্দর মধ্যে খলনায়ক হয়ে দাঁড়ায় এই মার্কো।

শেষ আপডেট: 22 August 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: 'গাইড' ছবির সেই ওয়াহিদা রেহমানের ভিলেন বর মার্কোকে মনে পড়ে? রুক্ষ, রাগী চরিত্রের অভিনেতা সেই ভিলেনি চাল ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ অভিনয়ে। রোজি ওয়াহিদা আর রাজু দেব আনন্দর মধ্যে খলনায়ক হয়ে দাঁড়ায় এই মার্কো।
যদিও 'গাইড' পরকীয়া ছবির গল্প কিন্তু তবুও দেব আনন্দ এই ছবির নায়ক। আর মার্কো হয়ে ওঠে ভিলেন। মার্কো চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছিলেন তাঁর নাম কিশোর সাহু।
১৯১৫ সালের ২২ নভেম্বর জন্ম এখনকার ছত্তিশগড়ে। সাহু গ্র্যাজুয়েট হয়েছিলেন নাগপুর ইউনিভার্সিটি থেকে। কলেজে পড়াকালীন তিনি নাটক মঞ্চস্থ করা ও নাটক লেখাও শুরু করেন। ছোট পরিসরে হলেও তাঁর নির্দেশিত নাটকগুলি বেশ প্রশংসিত হয়।
যৌবনে বেশ ধারালো দেখতে ছিলেন কিশোর। তাই তিনি বলিউডে অভিনয়ের চেষ্টা করতে থাকেন। তখনকার বিখ্যাত হিরো অশোক কুমারের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। অশোক কুমার তাঁকে হিমাংশু রাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হিমাংশু রাই ছিলেন বম্বে টকিজের কর্ণধার। হিমাংশু কিশোরকে ১৯৩৭ সালে দেবিকা রানির বিপরীতে কাস্ট করেন 'জীবন প্রভাত' ছবিতে।
'জীবন প্রভাত' বড় সাফল্য পেলেও কিশোর সাহু অভিনয় জীবন আর বেশিদিন ধরে রাখেননি।
চার দশকের শুরুতেই তিনি নিজের প্রযোজনা সংস্থা করে 'বহুরানি' ছবি তৈরি করেন। সেই বছরই করেন দ্বিতীয় ছবি 'পুনর্মিলন'।
তবে তিনি অভিনয় জগতে আবার ফিরলেও হিরোর রোল আর কখনও করেননি। এরপর তিনি 'কালা বাজার', 'লাভ ইন সিমলা' ইত্যাদি অনেক বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার অন-স্ক্রিন ক্যারিশমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
এরপর কিশোর সাহুও কুনওয়ারা বাপ চলচ্চিত্র পরিচালনা করে তার পরিচালনা দক্ষতা দিয়ে বলিউডের ইতিহাসে তার নাম খোদাই করেছিলেন। এছাড়াও তিনি রাজা, শররাত এবং নদীয়া কে পার আরও অনেক ছবি পরিচালনা করেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার শেষ ছবি ছিল 'ধুয়েন কি লেকির'।
কিশোর সাহুর সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী স্নেহপ্রভা প্রধান ১৯৪০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে মাত্র তিন বছর টিকেছিল তাদের বিয়ে!
১৯৪৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে তিনি কুমাওনি ব্রাহ্মণ প্রীতিকে বিয়ে করেন এবং তাদের চার সন্তান হয়: বিমল সাহু, নয়না সাহু, মমতা সাহু এবং রোহিত সাহু।
কিশোর সাহু প্রয়াত হন ১৯৮০ সালের ২২ অগস্ট ব্যাঙ্ককে।
এত ছবি করলেও কিশোর সাহু কিন্তু জনমানসে রয়ে গিয়েছেন 'গাইড' ছবির জন্য।