দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই টুইট করে অভিষেক বচ্চন জানিয়েছিলেন দর্শকদের জন্য সুখবর রয়েছে। জুনিয়র বচ্চনের সেই টুইট ঘিরে শুরু হয়েছিল দেদার জল্পনা। তবে শেষ পর্যন্ত সারপ্রাইজ যে আসলে কী সেটা সকলকে জানিয়েই দিলেন অভিষেক। কলকাতায় এসেছেন অভিনেতা। শুরু হয়েছে তাঁর নতুন ছবি 'বব বিশ্বাস'-এর শ্যুটিং।
https://www.instagram.com/p/B7rsrHnpHT_/
বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে সিলভার স্ক্রিনে জনপ্রিয় হয়েছিল ‘বব বিশ্বাস’-এর চরিত্র। পর্দায় এক ঠান্ডা খুনির চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। শান্ত চরিত্রের এমন এক খুনিকে দেখে চমকে উঠেছিলেন দর্শকরা। ফের একবার বিগ স্ক্রিনে ফিরছে ‘বব বিশ্বাস’। সুজয়ের ‘কাহানি’ সিরিজের এই জনপ্রিয় চরিত্রকে এবার পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালকের কন্যা অন্নপূর্ণা ঘোষ। ছবির প্রযোজনায় থাকছে শাহরুখ-গৌরীর প্রোডাকশন হাউস ‘রেড চিলিজ’।
https://www.instagram.com/p/B7sTRq5pSpK/
সোশ্যাল মিডিয়ায় রেড চিলিজের তরফে আগেই জানানো হয়েছিল যে বব বিশ্বাসের চরিত্রে চমক রয়েছে। কারণ এই খুনির চরিত্রে এবার অভিনয় করবেন অভিষেক বচ্চন। এমন চরিত্রে অভিনয় করতে পেরে জুনিয়র বচ্চন নিজেও যে দারুণ ভাবে উত্তেজিত সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন সেই কথা। এবার তিনি জানিয়েছেন, কলকাতায় শুরু হয়েছে ছবির শ্যুটিং। বব বিশ্বাসের বিখ্যাত কালো মোটা ফ্রেমের চশমা আর একটা মোবাইলের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক।
https://twitter.com/iamsrk/status/1220648913176125441
‘নমস্কার, এক মিনিট…’। খুন করার আগে কোনও সুপারি কিলার যে এভাবে তার শিকারকে রাস্তায় ডেকে দাঁড় করাতে পারে সেটা বোধহয় ২০১২ সালের আগে জানা ছিল না কারও। মিষ্টি হাসির ওই ডায়লগের পর খরচ হত একটামাত্র বুলেট। ব্যাস, খেল খতম। ২০১২ সালেই রিলিজ হয়েছিল সুজয় ঘোষের ছবি ‘কাহানি’। আর সেখানেই দর্শক পরিচিত হয়েছিলেন এই সাংঘাতিক ঠান্ডা মাথার খুনি বব বিশ্বাসের সঙ্গে। চোখে মোটা ফ্রেমের চশমা। পেতে আঁচড়ানো চুল। মুখে সর্বদা লেগেই রয়েছে একচিলতে হাসি। হাতে ধরা কালো ব্যাগ। সেখান থেকেই বেরিয়ে আসত পিস্তল। তারপর মাত্র এক মিনিটেই কাজ হাসিল করত বব বিশ্বাস।