
শেষ আপডেট: 15 October 2023 12:23
দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা, বিস্তর কাটাছেঁড়ার মধ্যেই চলতি বছর মার্চ মাসে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়েছেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। বিয়ের সাত-আট মাস পরেই সুখবর দিলেন এই দম্পতি। জানালেন খুব শিগগিরই তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। আগামী বছরের শুরুতেই মা হতে চলেছেন মোহর।
দেবীপক্ষের প্রথম দিনেই এই সুখবর দিয়েছেন দুর্নিবার ও মোহর। ফেসবুকে দুর্নিবার একটি পোস্ট করেছেন। যাতে লেখা- “আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, একটা ছোট্ট চমৎকার আসছে। ঘুমোতে ঘুমোতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার সেটাই করব, যেটা আমরা চেয়ে এসেছি।” সঙ্গে ক্যাপশনে ‘শুভ মাতৃপক্ষ’ লিখেছেন দুর্নিবার। পাশাপাশি ঐন্দ্রিলাও ইনস্টাগ্রামে তাঁদের সন্তানধারনের খবর শেয়ার করেছেন।
প্রসেনজিতের পিআর হেড মোহর। কিন্তু প্রেগন্যান্সির এই সময়টা কীভাবে নিজের কাজ সামলাচ্ছেন? ঐন্দ্রিলা সংবাদমাধ্যমে জানান, “দাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) প্রথমে খবরটা শুনে বেশ অবাকই হয়েছিলেন। পরে নিজেই ফোন করে বাইরে বেরোতে মানা করেছেন। প্রথম কয়েকমাস খুব সাবধানে থাকতে বলেছে। তাই আমি এখন বাড়ি থেকেই কাজ সামলাচ্ছি। কাজের জায়গায় এমন সহযোগিতা সব মেয়ে পায় না। সেদিক থেকে আমার ভাগ্য খুবই ভাল।”
মোহর যে অন্তঃসত্ত্বা, তা প্রথম বোঝা গিয়েছিল গত ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের পার্টিতেই। বৃষ্টিভেজা সেই রাতে খুব সাবধানে চলাফেরা করছিলেন ‘বুম্বাদা’র আপ্তসহায়ক ঐন্দ্রিলা। এমনকী ভিজে রুফ টপের মধ্যে যাতে পা হড়কে না যায়, সেই নিয়েও বারবার তাঁকে সতর্ক করছিলেন অভিনেতা। অবশেষে তার ১৫দিনের মাথায় দুর্নিবার-ঐন্দ্রিলা সামাজিক মাধ্যমে পোস্ট করে এই সুখবরটা কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিলেন।