
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 December 2024 13:08
দ্য় ওয়াল ব্যুরো: মুম্বইয়ে বিশ্বখ্যাত রকস্টার ব্রায়ান অ্যাডামসের কনসার্টে শৌচাগারের অভাবে এক ব্যক্তিকে তাঁর প্যান্টেই প্রস্রাব করতে হল। সেই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত। শেলডন অরাঞ্জো নামের ওই ব্যক্তি কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেখানে তিনি জানান, ১,০০০ জনেরও বেশি দর্শকের জন্য মাত্র ৩টি শৌচাগার রাখা হয়েছিল, যার ফলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এক হাজারের বেশি দর্শকের জন্য পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা কেন করা হয়নি, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শেলডন অরাঞ্জো জোমাটো সিইও দীপিন্দর গোয়াল এবং ইভিএ গ্লোবাল ইভেন্টসকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, কনসার্টের জায়গায় পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা না থাকায় তাঁকে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।
শেলডন তাঁর লিঙ্কডইন পোস্টে লিখেছেন, 'আমি লজ্জিত নই যে আমি ডায়াবেটিস এবং ইনকন্টিনেন্সের সমস্যায় ভুগছি, কিন্তু আপনাদের লজ্জিত হওয়া উচিত, কারণ ১,০০০ জনের জন্য মাত্র ৩টি শৌচাগার রেখেছেন।' তিনি তাঁর প্যান্টের ছবি শেয়ার করে এ বিষয়টি তুলে ধরেছেন। শেলডন আরও লেখেন, 'আমি পয়সা দিয়ে প্যান্টে প্রস্রাব করলাম ব্রায়ান অ্যাডামস কনসার্টে।' সেই সঙ্গে তিনি দীপিন্দর গোয়াল ও ইভিএ গ্লোবাল ইভেন্টসকে ট্যাগ করেছেন।
তিনি বলেন, 'কনসার্টে শৌচাগারে যাওয়ার চেষ্টা যে আমি করিনি, তা একেবারেই নয়। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল লাইন দেখতে পাই। অপেক্ষা করতে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়। আমি জানতাম, আর অপেক্ষা করতে পারব না, তাই আমাকে প্যাভিলিয়নের অন্য প্রান্তে যেতে বলা হয়। তারপরেই আমার অসুখের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।'