
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 December 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: ৭৩-এ থামল তবলার জাদুকরের পথচলা। প্রয়াত উস্তাদ জাকির হুসেন। রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে মৃত্যু হয়। সোমবার পরিবারের তরফে বিবৃতিতে বিষয়টি জানানো হয়। ইডিওপ্যাথিক পালমোনারি ফিব্রোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। ফলে জলসা আজ শূন্য। এক সময় তাঁর তবলার তালে তালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্ব সঙ্গীতের দরবারে।
সঙ্গীত জগতের এই বিরাট নক্ষত্র পতনে শোকাহত এ আর রহমানও। তাঁর আক্ষেপ অতীতে একসঙ্গে কাজ করলেও, আর তাঁর উস্তাদের সঙ্গে জুটি বাঁধা হল না। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন রহমান। তাতে তিনি লিখেছেন, 'জাকির ভাই সব সময়ই আমাদের অনুপ্রেরণা ছিলেন। তিনি অসামান্য ব্যক্তিত্বের অধিকারী, তা আর আলাদা করে বলার থাকে না। তবলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার একজন অন্যতম মূল কান্ডারী তিনি।'
রহমান আরও লেখেন, 'উস্তাদের এভাবে চলে যাওয়া আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করি। ওঁর সঙ্গে আর কখনও কাজ করতে পারব না। এই আক্ষেপ আমার রয়েই গেল। আমরা অনেকদিন আগে একসঙ্গে একটা অ্যালবাম করব বলে ঠিক করেছিলাম। কিন্তু তা আর হল না। যদিও কয়েক দশক আগে আমার ওঁর সঙ্গে কাজের সুযোগ হয়েছিল। সত্যিই আপনাকে খুব মিস করব। ঈশ্বর তাঁর পরিবার এবং বিশ্বব্যাপী অগণিত শিষ্যদের মনোবল দিন, এটাই চাইব।'
View this post on Instagram
জাকির হোসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বিশ্ব ধ্রুপদী সঙ্গীতবাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম। পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি- সব পুরস্কারই রয়েছে উস্তাদের ঝুলিতে। শিল্পীর আচমকা এমন পরিণতিতে শোকের ছায়া সব মহলেই। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম হয় জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়স থেকে তাঁর তবলার সফর শুরু। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। শিল্পীর সম্মানে গর্বিত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগৎও।